সপ্তাহ জুড়ে দারুণ চাঙা ঢাকার শেয়ার বাজার
দেশে প্রায় আড়াই মাসব্যাপী রাজনৈতিক অস্থিরতা শেষে ১৪ জানুয়ারি ড. ফখরুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। গত সপ্তাহ জুড়ে ঢাকার শেয়ার বাজার ছিল দারুণ চাঙা। জানাচ্ছেন নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক সোহেল পারভেজ।
সোহেল পারভেজ
নফহবংি২৪.পড়স প্রতিবেদক
বিদ্যুৎ, ব্যাংক, বস্ত্রশিল্প ও মিউচুয়াল ফান্ডের ভালো মানের শেয়ারের (ব্লু চিপ) ওপর ভর করে গত সপ্তাহ জুড়ে ঢাকার শেয়ার বাজার ছিল দারুণ চাঙা।
১০ বছরের মধ্যে গত বৃহস্পতিবার সেখানে প্রথম ১০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়। এছাড়া সামগ্রিকভাবে শেয়ার বাজারের পুঁজির পরিমাণ জিডিপির ৮ দশমিক ১১ শতাংশে পৌঁছে।
এছাড়া, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শেয়ার বাজার শ্রীলঙ্কার কলম্বো স্টক এক্সচেঞ্জের লেনদেনকেও ছাড়িয়ে যায়।
দেশে প্রায় আড়াই মাসব্যাপী রাজনৈতিক অস্থিরতা শেষে ১৪ জানুয়ারি ড. ফখরুদ্দীন আহমদ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করে।
গত সপ্তাহের শেষ দিকে বাজারে পুঁজির পরিমাণ জিডিপির ৮ শতাংশেরও ওপরে পৌঁছে।
সিটিব্যাংক এনএ এর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় বলা হয়েছে, “পুঁজি বাজারের বর্তমান তারল্য প্রবাহে বোঝা যায়, বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা ও সামষ্টিক অর্থনীতির অন্তর্নিহিত শক্তিকে গুরুত্ব দেয়। এছাড়া এই প্রবাহ ভবিষ্যতে বেসরকারি খাতের প্রবৃদ্ধির সম্ভাবনাকেও প্রতিফলিত করে।”
আর্থিক খাতের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের ভবিষ্যত অগ্রগতি কেবল ইতিবাচকই নয়, দারুণ সম্ভাবনাময়ও।
ডিএসইর সার্বিক শেয়ার মূল্যসূচক সারা সপ্তাহ ধরে ১৩১ দশমিক ৫৪ পয়েন্ট বা ৮ দশমিক ৩১ শতাংশ বেড়ে বৃহস্পতিবার ১৭১৩ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসই--২০ ব্লু--চিপ শেয়ারের দাম ১২৩ দশমিক ৭৯ পয়েন্ট বা ৮ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১৫২১ দশমিক ৪৩ পয়েন্টে পৌঁছে। আগের সপ্তাহ শেষে এটি ছিল ১৩৭৯ দশমিক ৬৪ পয়েন্ট।
তবে নিম্ন মানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ খানিকটা কম থাকায় ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক বৃদ্ধির হার ছিল কিছুটা কম।
ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণও গত সপ্তাহে প্রায় দ্বিগুণ বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে ১৬০ দশমিক ৯৯ শতাংশ লেনদেন বেড়ে তা ৮৭ কোটি ৭৭ লাখ ৯৯ হাজারে দাঁড়ায়।
এ প্রসঙ্গে ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন “সত্যিকার অর্থে ব্যাংক ও বিদ্যুৎ খাতের কারণেই বাজারে পুঁজির প্রসার ঘটছে।”
এছাড়া রাজনৈতিক অস্থিরতা দূর হওয়ায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছেন বলেও জানান তিনি।
ডিএসইর পরিসংখ্যানে দেখা গেছে, গত সপ্তাহে সেখানে লেনদেনের মোট পরিমাণ ছিল ৪৩৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে সেখানে লেনদেন হয়েছে ১৬৮ কোটি টাকা।
সিটিব্যাংক এনএ এর সাপ্তাহিক পর্যালোচনায় গত সপ্তাহের শেষ দুদিনের লেনদেনের পরিমাণ উল্লেখ করে বলা হয়, “ডিএসই কেবল তার আগের দৈনিক গড় লেনদেন ৫০ লাখ ডলারকেই ছাড়িয়ে যায়নি, বরং শ্রীলঙ্কার শেয়ার বাজারের গড় লেনদেনকেও অতিক্রম করে গেছে।”
উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার ডিএসইতে যথাক্রমে ১ কোটি ২০ লাখ ও ১ কোটি ৪০ লাখ ডলার লেনদেন হয়। অন্যদিকে, কলম্বো শেয়ার বাজারে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ১০ লাখ ডলার।
এসএআর সিকিউরিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এ প্রসঙ্গে বলেন, “প্রাতিষ্ঠানিক সহায়তার কারণেই বাজারে এমন ব্যাপক লেনদেন হয়েছে।”
অন্যদিকে, এইসম অব বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ার সাঈদ বলেন, রাজনৈতিক অস্থিরতা দূর হওয়ায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছেন।
‘এ’ ও নতুন অন্তর্ভুক্ত ‘এন’ ক্যাটাগরির ভালো মানের শেয়ারের দাম যথাক্রমে ৭৮ দশমিক ৩৬ শতাংশ ও ১৩ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। এই প্রবণতায় বোঝা যায় বিদ্যুৎ, ব্যাংক, বস্ত্রশিল্প ও মিউচুয়াল ফান্ডের ভালো মানের শেয়ারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
গত সপ্তাহে নয়টি ‘এ’ ক্যাটাগরির ও একটি ‘এন’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন বেশি ছিল। এছাড়া লেনদেনের তালিকার শীর্ষে ছিল চারটি ব্যাংক, দুটি বিদ্যুৎ ফার্ম, দুটি বস্ত্র কারখানা ও দুটি বেসরকারি মিউচুয়াল ফান্ডের শেয়ার।
ডিএসইতে গত সপ্তায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ মোট লেনদেনের ১০ দশমিক ৩৭ শতাংশ লেনদেন করে তালিকার শীর্ষে থাকে। এর পরের অবস্থানে থাকা সাউথইস্ট ব্যাংক ৫ দশমিক ৭৫ শতাংশ লেনদেন করেছে। তৃতীয় অবস্থানে থাকা ডেসকোর শেয়ারের লেনদেন হয়েছে মোট পরিমাণের ৪ দশমিক ৭৫ শতাংশ।
ডেসকোর পরের অবস্থানে ছিল যথাক্রমে প্রাইম ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, এক্সিম ব্যাংক, বেক্সটেক্স, যমুনা ব্যাংক, গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড ও এইমস ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমাদ সিদ্দিকী বলেন, “প্রধানত ভালো মানের শেয়ারের লেনদেনের ধারাবাহিকতায় স্বাভাবিকভাবে শেয়ার বাজার শক্তিশালী হচ্ছে।”
বর্তমানে শেয়ার বাজারের পুঁজির পরিমাণ ৩৩ হাজার ৭৬৫ কোটি টাকা উল্লেখ করে তিনি অবশ্য বলেন, “সার্বিক পুঁিজ বিবেচনায় বলা যায় লেনদেনের পরিমাণ এখনো খুব বেশি নয়।”
