শেয়ারবাজারে দশ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন
শেয়ার বাজারে ১৯৯৬ সালের পর সব চেয়ে বেশি লেনদেন হয়েছে রোববার। ব্যবসায়ীরা মনে করছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ করায় রাজনৈতিক সংঘাত নিরসনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে স্বস্তি ফিরছে বিনিয়োগকারীদের মাঝে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের পরিমাণ বৃহস্পতিবারের চেয়ে ২৪৭ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৯২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকায় দাঁড়ায়। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।
ডিএসই পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৯৬ সালের ১৩ নভেম্বর সর্বোচ্চ ১০৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। এর পর সর্বোচ্চ লেনদেন হয় ৮০ কোটি টাকা ২০০৬ সালের ৩১ আগস্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার লেনদেন বেড়েছে। বৃহস্পতিবারের তুলনায় লেনদেন ২২৯ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকায়।
ডিএসই --এর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, “সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির অবসানের কারণে এমনটা হয়েছে। বিনিয়োগকারীরা এখন উৎসাহিত বোধ করছেন।”
ভালো মানের শেয়ারের দামের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “মূল্যসূচক ওঠানামার যে প্রবণতা আমরা দেখি এটি তারই পরিণত আচরণ।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ শেয়ারের মূল্যসূচক ৭৪ দশমিক ৯৪ পয়েন্ট বা ৪ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দিন শেষে ১৬৫৬ দশমিক ৯৩ পয়েন্টে পৌঁছায়।
ডিএসই--২০ ব্লু--চিপ শেয়ারের মূল্যসূচক ৫৮ দশমিক ৪০ পয়েন্ট বা ৪ দশমিক ১৭ শতাংশ বেড়ে ১৪৫৬ দশমিক ০৪ পয়েন্টে পৌঁছায়।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৫৭ দশমিক ৮৪ পয়েন্ট বা ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ১৩৫৯ দশমিক ২০ পয়েন্টে পৌঁছে।
সিএসই-তে মিউচুয়াল ফান্ড, তথ্যপ্রযুক্তি ও সেবা খাত এবং সিমেন্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম ছিল সব চেয়ে বেশি। ব্যাংকিং ও জ্বালানী খাতের শেয়ার যথাক্রমে ৩ দশমিক ৯৫ ও ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্য সূচক ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৩৮১৫ দশমিক ২৪ পয়েন্টে পৌঁছায়।
অন্যদিকে সিএসই--৩০ শেয়ারের মূল্যসূচক ৪ দশমিক ০২ শতাংশ বেড়ে ৩৪৫১ দশমিক ৫৩ পয়েন্টে পৌঁছায়। এছাড়া বাছাইকৃত শেয়ারের মূল্যসূচক ৪ দশমিক ০৩ শতাংশ বেড়ে ২৪৯৮ দশমিক ২১ পয়েন্টে দাঁড়ায়।
পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ও সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এর পরই ছিল প্রাইম ব্যাংক ও এক্সিম ব্যাংকের অবস্থান।
এক্সিম ব্যাংকের পেছনে ছিল গ্রামীণ ব্যাংক পরিচালিত গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড ও সিটি ব্যাংক।
পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৭ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ২৬৪ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা।
সাউথইস্ট ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ৮ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৩৫৪ দশমিক ৫০ টাকা হয়েছে।
প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ০৭ শতাংশ বেড়ে ৫৯৩ দশমিক ৭৫ টাকা হয়। এক্সিম ব্যাংক, সিটি ব্যংক ও গ্রামীণ১ এর শোরের দাম যথাক্রমে ৫ দশমিক ৯৮, ৪ দশমিক ৩৪ ও ১৮ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।
ডিএসই--তে মুনাফার শীর্ষে ছিল সালেহ কার্পেট, গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড ও এআইএমএস। সবচেয়ে কম ছিল আমাম সি ফুডস্, আরমিট সিমেন্ট ও চিক টেক্স এর শেয়ারের দাম।
ডিএসই--তে ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৭টির, কমেছে পাঁচটির এবং অপরিবর্তীত ছিল ১০টির।
সিএসই--তে ৭৮ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে তিনটির। দু’টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তীত ছিল।
