২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনটেইনার জটে বেসামাল বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরে তীব্র কনটেইনার জট সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঈদের ছুটি ও অবরোধের কারণে সৃষ্ট এ জট কাটাতে বন্দরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল এবং ২৪ ঘন্টা সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

একইসঙ্গে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ভূত যে কোনো সমস্যা দ্রুত সামাল দিতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

শনিবার বন্দর সূত্রে প্রাপ্ত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী বন্দরের জেটি ও বহির্নোঙ্গরে ৭১টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে জেটিতে ১০টিসহ মোট ২৫টি কনটেইনারবাহী জাহাজ বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দরের টার্মিনাল ম্যানেজার মশিউর রহমান বেগ শনিবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স --কে জানান, শনিবার পর্যন্ত সাড়ে ১৪ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ইয়ার্ডগুলোতে ২০ হাজার ৮৬২ টিইইউ’স কনটেইনার জমা পড়েছে।

তাছাড়া জেটিতে অপেক্ষমান ১০টি জাহাজে আরও ২ হাজার ৫ শত টিইইউ’স কনটেইনার খালাসের কাজ চলছে। শুক্রবার বন্দর থেকে ব্যবসায়ীদের চাহিদাপত্র অনুযায়ী এক হাজার টিইইউ’স কনটেইনার সরবরাহ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, “আমরা দৈনন্দিন যে চাহিদাপত্র পাচ্ছি সে অনুযায়ী পণ্যবাহী কনটেইনার সরবরাহ দিয়ে যাচ্ছি। কিন্তু গত কয়েক সপ্তাহে যে পরিমাণ কনটেইনার জমা হয়ে গেছে সেই অনুপাতে আমদানীকারকদের সরবরাহ নেওয়ার হার অনেক কম।”

তবে তিনি এ কথাও বলেন, “মহাজোট তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। এখন থেকে দিবারাত্রি নিরবিচ্ছিন্নভাবে পণ্য সরবরাহ দেওয়া সম্ভব হবে।” 

উল্লেখ্য কনটেইনারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানীর পরিমাণ প্রতিবছর ১৪ শতাংশ হারে বাড়ছে। কিন্তু গত চার বছরেও কনটেইনার রাখার উপযোগী নতুন কোনো ইয়ার্ড নির্মিত হয়নি।

বন্দর কর্মকর্তারা স্বীকার করেন, যে হারে জাহাজের সংখ্যা এবং কনটেইনার আমদানীর পরিমাণ বাড়ছে সে অনুপাতে বন্দরে সুযোগ--সুবিধা বাড়ছে না। ফলে বন্দরে পণ্যজট অবধারিত হয়ে পড়েছে এবং কখনও কখনও তা কর্তৃপক্ষকে সংকটে ফেলে দিচ্ছে।

এ জটের পিছনে আমদানীকারকদের পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা এবং বন্দরকে পণ্য গুদাম হিসাবে ব্যবহারের বিষয়টিকেও দায়ী করেছেন কর্মকর্তারা। 

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহউদ্দিন শনিবার নফহবংি২৪.পড়স-- কে বলেন, “জট কমাতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আশা করি তাতে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বর্তমানে সৃষ্ট কনটেইনার জট লাঘব হবে।”

এদিকে স্থান সংকট ও নতুন ইয়ার্ড নির্মাণ না হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, ১ নং ইয়ার্ডে নির্মাণ কাজ চলছে। তাছাড়া নির্মাণাধীন নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পশ্চাৎ সুবিধাদির (ব্যাকআপ ফেসিলিটিজ) কাজ সম্পন্ন হলে কনটেইনারের স্থান সংকট অনেকখানি কেটে যাবে।

তবে কবে নাগাদ এই নির্মাণ কাজ শেষ হবে সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।