ডিএসইতে রেকর্ড পরিমাণ পুঁজি
ঢাকার শেয়ার বাজারের সার্বিক পুঁজির পরিমাণ বৃহস্পতিবার ৩১ হাজার ৭০৯ কোটি টাকায় পৌঁছেছে। এটি ২০০৫--২০০৬ অর্থবছরের জিডিপির সাত দশমিক ৬১ শতাংশ। পুঁজির এই পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
অনেকগুলো ব্যাংক, বিদ্যুত ও অর্থনৈতিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে নিবন্ধন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসসি) সার্বিক পুঁজি বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডিএসই এর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, “সার্বিক সূচক নেমে যাওয়ার প্রবণতা লক্ষ করা গেলেও পুঁজি বাড়ার ঘটনা ইতিবাচক ও একটি মৌলিক অগ্রগতি।”
বিদ্যুৎ ও ব্যাংক খাতের কিছু ভালো শেয়ার ও কয়েকটি ব্যাংকের রাইট শেয়ার বাজারে আসায় এ অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।
রাইট শেয়ারের উল্লেখ করে ডিএসইর প্রধান নির্বাহী ব্যাংকগুলোকে পুঁজি বাড়াতে বিকল্প পথ অবলম্বনের পরামর্শ দেন। উল্লেখ্য, এক্সিম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক চলতি বছর রাইট শেয়ার ছেড়েছে।
ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার পুঁজির মোট পরিমাণ ছিল ৩১ হাজার ৭০৯ কোটি টাকা যা গত অর্থবছরের জিডিপির সাত দশমিক ৬১ শতাংশ।
২০০৫--২০০৬ অর্থবছরে এই সময়ে শেয়ার বাজারে পুঁজির পরিমাণ ছিল ২১ হাজার ৫৪২ কোটি টাকা যা ছিল সে সময়ের জিডিপির পাঁচ দশমিক ১৮ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে ২০০৫--২০০৬ জিডিপি ছিল চার লাখ ১৬ হাজার ১৫৪ কোটি ৬০ লাখ টাকা।
২০০২--২০০৩ অর্থবছরে ডিএসইর পুঁজি ছিল সে সময়ের জিডিপির দুই দশমিক ৩০ শতাংশ বা ছয় হাজার ৯২০ কোটি টাকা। ২০০৩-- ২০০৪ অর্থবছরে তা বেড়ে হয় জিডিপির ৪ দশমিক ১০ শতাংশ বা ১৩ হাজার ৬৬৪ কোটি টাকা।
২০০৪--২০০৫ অর্থবছরে ডিএসইর পুঁজি ছিল ২২ হাজার ২০৪ কোটি টাকা বা মোট জিডিপির ছয় দশমিক ০৩ শতাংশ।
ডিএসই সূত্র জানায়, ২০০৬ সালে চারটি আর্থিক প্রতিষ্ঠান, দুটি রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ সংস্থা, একটি বেসরকারি ব্যাংক ও একটি প্রক্রিয়াজাতকরণ কোম্পানি তাদের শেয়ার ছেড়েছে।
এছাড়া, ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ডিএসইতে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ২৬০ থেকে বেড়ে ৩০৯ এ দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক মঈন আল কাশেম মনে করেন, বেশি সংখ্যক প্রতিষ্ঠান আসায় ডিএসইর পুঁজিও বেড়েছে।
তবে তিনি বলেন, “এ অঞ্চলের অন্যান্য দেশের বিবেচনায় ডিএসইর পুঁজির পরিমাণ এখনও অনেক কম। টেলিযোগাযোগ, বিদ্যুৎ ও গ্যাস খাতের বড় কোম্পানিগুলো শেয়ার ছাড়লে পুঁজি আরও বাড়বে।”
তিনি সন্তোষজনক পুঁজির লক্ষ্য অর্জনে সহায়ক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
