অ্যাভিয়ান ফ্লু প্রতিরোধ কর্মসূচিতে বাংলাদেশকে তহবিল দেবে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক অ্যাভিয়ান ফ্লু প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা করবে। হাঁস, মুরগি ও পাখিসহ মানুষও এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন কর্মকর্তা সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, “কয়েক দফা পরীক্ষা--নিরীক্ষা ও পর্যালোচনার পর বিশ্বব্যাংক ২০০৭--২০১১ সাল পর্যন্ত ‘অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা কর্মসূচি’ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে সহায়তা করতে সম্মত হয়েছে।”
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)।
প্রকল্পটির দুটি অংশ: (এ) অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (এআইপিআরপি, নতুন প্রকল্প) এবং (বি) অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা কমপোটেন্ট অব দ্যা হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম (এইচএনপিএসপি), এটি মানব স্বাস্থ্য বিষয়ক একটি বাস্তবায়নাধীন প্রকল্প।
সোমবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাস্তবায়নাধীন এইচএনপিএসপি প্রকল্প থেকে মোট প্রকল্প ব্যয়ের ১৬ মিলিয়ন ডলার নেওয়া হবে। এইচএনপিএসপি প্রকল্পটি বিশ্বব্যাংকসহ আরো কয়েকটি দাতা দেশ ও সংস্থার সহায়তায় বাস্তবায়ন হচ্ছে।
বাকি ২২ মিলিয়ন ডলার প্রকল্পটির এআইপিআরপি অংশ বাস্তবায়নে ব্যয় হবে।
২০০৩ সালে দক্ষিন-পূর্ব এশিয়ায় অ্যাভিয়ান ফ্লু সনাক্তকরণের পর বাংলাদেশ সরকার ‘জাতীয় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ কর্মসূচি’ গ্রহণ করে। প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে বিশ্বব্যাংকসহ অনান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করা হয়।
এআইপিআরপি প্রকল্পটি মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের পশুসম্পদ অধিদপ্তর (ডিএলএস) বাস্তবায়ন করবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় প্রকল্পের অপর অংশটি বাস্তবায়ন করবে ।
