২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে অচল সোনামসজিদ স্থলবন্দর

আমদানি- রপ্তানিকারকদের ডাকা লাগাতার ধর্মঘটের কারণে ১৩ দিন ধরে কোনো কাজ না হওয়ায় অচল হয়ে পড়েছে সোনামসজিদ স্থল বন্দর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালু হওয়ার চারদিনের মাথায় ২৭ ডিসেম্বর আমদানি-- রপ্তানিকারকরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্টলিংক লিমিটেডের পণ্যাগারের মাশুল কমানো, পণ্যাগারের সম্প্রসারণ, আমদানি নিষিদ্ধ পণ্যের আদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেয়।

এর আগে ২২ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে বন্দরের সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের একটি সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আলাদা সভা হয়। সেই সভা থেকে কয়েকটি সুপারিশ লিখিতভাবে জাতীয় রাজস্ব বোর্ডকে জানানো হয়। কিন্তু এর পরদিন থেকেই ধর্মঘট ডাকে আমদানিকারকরা।

লাগাতার এই ধর্মঘটের কারণে সোনামসজিদের বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরে সহস্রাধিক ট্রাক আটকে আছে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও এফবিসিসিআই -- এর পরিচালক আব্দুল ওয়াহেদ জানান, সোনা মসজিদের পণ্যাগারের মাসুল বেনাপোল বন্দরের চেয়ে বেশি। এ ছাড়া পণ্যাগারে স্থান সংকুলান না হওয়া ও কয়েকটি পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এনবিআরকে জানানো হয়েছে।

অন্যদিকে পানামা পোর্টলিংক লিমিটেডের পরিচালক আশরাফুল আলম রশিদ অভিযোগ করেন, ১৪ বছর ধরে চালু হওয়া বন্দরে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এখন যথাযথ নিয়ম চালু হওয়ায় এক শ্রেণীর ব্যবসায়ী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।

আমদানি-- রপ্তানিকারক গ্র“পের সাধারণ সম্পাদক আবু তালেব জানান, সমঝোতার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। তাই ধর্মঘট দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোনামসজিদ বন্দরের একটি সূত্র অবশ্য জানায়, মহাজোটের অবরোধ শেষ হলে সব পক্ষকে নিয়ে পানামা কর্তৃপক্ষ সমঝোতার উদ্যোগ নেবে।