২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যানারি স্থানান্তরের উপায় খুঁজছে সরকার ও ব্যবসায়ীরা

হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের ব্যাপারে চারটি উপ কমিটির দেওয়া সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন চূড়ান্ত করতে সরকার মঙ্গলবার ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে বলেন, শিল্প মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সুপারিশগুলো নিয়ে আলোচনা করবেন।

সাভারের নতুন শিল্পাঞ্চলে নতুন করে কারাখানা স্থাপনে সহজ শর্তে ঋণ, রুগ্ন কারখানাগুলোর ঋণের সুদ মওকুফ এবং শিল্পাঞ্চলকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে।

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান বিডিনিউজ২৪ডটকমকে বলেন, নতুন এলাকায় নতুন করে যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন শতাংশ সুদে আমরা নতুন ঋণ চেয়েছি।

তিনি বলেন, ‘প্রত্যেকটি কারখানা স্থানান্তরের জন্য আট কোটি টাকা দরকার এবং এক্ষেত্রে মাত্র ২৫ শতাংশ খরচ বহনের সামর্থ্য আমাদের আছে।’

হাজারিবাগের যেসব কারখানা এর আগে ঋণ নিয়েছিল সেগুলোর সমন্বয় কীভাবে করা হবেÑ তা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীরা রুগ্ন শিল্পের ক্ষেত্রে ঋণের সুদ মওকুফের সুবিধা চেয়েছেন।

বাংলাদেশ ট্যানার’স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সরকারের গঠিত কমিটির সদস্য হারুন চৌধুরী বলেন, হাজারিবাগের ট্যানারি ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। কারখানা স্থানান্তরের আগে এসব ঋণের সমন্বয় করা প্রয়োজন।

তিনি বলেন, ঋণ পরিশোধ ও ট্যানারি পুনঃস্থাপনের ব্যাপারে স্বচ্ছ সরকারি নীতিমালা আমাদের প্রয়োজন।

সাভারে ২০০ একর জমিতে পরিবেশবান্ধব ট্যানারি শিল্প এলাকা স্থাপনের লক্ষ্যে সরকার ২০০৩ সালে ১৭৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। সাভারের ওই এলাকায় ২০০ ট্যানারি স্থাপন করা যাবে এবং এতে ১ লাখ লোকের নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে।

ট্যানারি ব্যবসায়ীরা জানিয়েছেন, হাজারিবাগের ২১৭টি কারখানার মধ্যে ১৫০টিকে আগামী বছরের মধ্যেই সাভারে স্থানান্তর করা হবে।