চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত দন্ড ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছে বিজিএমইএ, সংশোধিত
চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত দন্ড ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ নেতারা জানান, চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন নিয়োগ পাওয়ার পর বন্দরের আয় বাড়ানোর জন্য গত দুই অর্থ বছরে অতিরিক্ত দন্ড ভাড়া আদায় করা হয়েছে।
বিজিএমইএ এর বন্দর ও জাহাজ কমিটির চেয়ারম্যান হাসান আব্দুল্লাহ শুক্রবার বিডিনিউজ২৪ডটকমকে বলেন, গত দুই অর্থবছরে চট্টগ্রাম বন্দরে আমদানি--রপ্তানি পণ্যের পরিমাণ বেড়েছে মাত্র ১৩ শতাংশ। কিন্তু সেই তুলনায় অতিরিক্ত দন্ড ভাড়া আদায়ের কারণে আয় বেড়ে গেছে ২০০ কোটি টাকা।
তিনি বলেন, আগে পণ্যের জট সৃষ্টি হলেই কেবল দন্ড ভাড়া আদায় করা হতো। অথচ এখন সারা বছরই ক্ষমতার অপব্যবহার করে দন্ড ভাড়া আদায় করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন রপ্তানী পণ্যের খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে তেমনি রপ্তানী পণ্যও প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে।
তবে বন্দরের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের আইন অনুযায়ী, আমদানি বা রপ্তানি পণ্যের জট সৃষ্টি হলে কর্তৃপক্ষ স্বাভাবিক ভাড়ার পাশাপাশি চার গুণ পর্যন্ত অতিরিক্ত দন্ড ভাড়া আদায় করতে পারে।
বিজিএমইএসহ ব্যবসায়ী নেতারা গত বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রাম বন্দরে প্রচুর মালবাহী জাহাজ এলেও মালামাল পরিবহন ও ধারণ ক্ষমতা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সুষ্ঠু কোন নীতিমালা নেই। এই নীতিমালা তৈরির জন্য দীর্ঘদিন ধরে আমদানিকারক এবং রপ্তানিকারকরা দাবি জানিয়ে এলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।
হাসান আবদ্দুল্লাহ বলেন, স্বল্প পরিমাণ পণ্য ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজ বিভিন্ন রুটে চলাচল করছে। অথচ বড় আকারের নতুন জাহাজগুলোকে বিভিন্ন রুটে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।
বিজিএমইএ সূত্র জানিয়েছে, বহু বছরের পুরনো ও স্বল্প ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজে মালামাল পরিবহন করায় রপ্তানি পণ্যের লীড টাইম বেড়ে যাচ্ছে।
কিন্তু চট্টগ্রাম ফিডার ট্রেড কমিটির (সিএফটিসি) নেতিবাচক ভূমিকার কারণে এ ব্যাপারে এখনও সঠিক কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
চট্টগ্রাম বন্দরের ২০০৩ - ০৪ অর্থ বছরে আয় ছিল ৫৫৭ কোটি টাকা এবং ২০০৫ - ০৬ অর্থবছরে এ আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮ কোটি টাকা।
