বিদ্যুতের দাবিতে বিক্ষোভের প্রতিক্রিয়া, ঢাকা শেয়ার বাজারে দরপতন
অব্যাহত বিদ্যুৎ সংকটের কারণে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে গণবিক্ষোভের প্রতিক্রিয়া পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জেও। সীমিত সংখ্যক বিনিয়োগকারী লেনদেনে অংশ নেওয়ায় দরপতন ঘটেছে শেয়ার বাজারে।
ডিএসই এর সামগ্রিক শেয়ার মূল্যসূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে বুধবারের ১২৯৬ দশমিক ৪৭ পয়েন্ট থেকে ১২৯৮ দশমিক ০২ পয়েন্টে দাড়ায়।
তবে ডিএসই এর সাধারণ শেয়ার মূল্যসূচক ৫ দশমিক ৬৪ পয়েন্ট বা ০ দশমিক ৩৬ শতাংশ হ্রাস পেয়ে ১৫৬২ দশমিক ৫২ পয়েন্টে দাড়ায়।
এছাড়া ডিএসই-২০ ব্লু-চীপ মূল্যসূচকও আগের দিনের লেনদেনের চেয়ে মূল্য হারিয়েছে।
বাজারের সামগ্রিক লেনদেনের পরিমাণ বুধবার ৩৮ কোটি ৬৪ লাখ টাকা থেকে বৃহস্পতিবার ৩০ কোটি ৭ লাখ টাকায় দাড়ায়।
ডিএসই এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ২৪ডটকমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বাজার থেকে তারল্য তুলে নেওয়ায় তাও লেনদেনের উপর প্রতিক্রিয়া ফেলছে।
বাজার বিশ্লেষক ইয়ার সাইদ বলেন, নগরীর বিভিন্ন স্থানে গণবিক্ষোভ লেনদেনকে প্রভাবিত করেছে।
তিনি বলেন, ক্ষুদ্র ও প্রাতিষ্ঠানিক উভয় প্রকার বিনিয়োগকারীর সীমিত অংশগ্রহণের ফলে বাজার স্থির ছিলো।
সামগ্রিক লেনদেনের মধ্যে বৃহস্পতিবার ৬১টি শেয়ারের মূল্য বৃদ্ধি, ৮২টির মূল্য হ্রাস এবং ২৮টি শেয়ারের মূল্য অপরিবর্তিত থেকেছে।
বাজারে লেনদেনের শীর্ষে ছিলো ডেসকো, সামিট পাওয়ার, বেক্সটেক্স ও রূপালী ব্যাংক। মোট ৭৯,৫০০ টি শেয়ার বিক্রির মাধ্যমে ডেসকোর লেনদেনের পরিমাণ দাড়ায় ৩ কোটি ১ লাখ টাকা, যা বাজারের মোট লেনদেনের ১০ ভাগ। অপরদিকে সামিট পাওয়ার ও বেক্সটেক্স প্রত্যেকেরই লেনদেনের পরিমাণ দাড়ায় ১ কোটি ৮ লাখ টাকা করে।
ডেসকোর শেয়ারের মূল্য বুধবার ৪০৮ টাকা থেকে ১২ টাকা ২৫ পয়সা বা ৩ শতাংশ হ্রাস পায়। সামিট পাওয়ারের শেয়ারের মূল্য আগের দিনের চেয়ে ৯ টাকা ২৫ পয়সা হ্রাস পেয়ে ৫৫৮ টাকা ৭৫ পয়সায় দাড়ায়।
অপরদিকে বেক্সটেক্সের শেয়ার মূল্য অপরিবর্তিত থাকলেও লেনদেনের শীর্ষে থাকা রূপালী ব্যাংক, ইউসিবিএল, স্কয়ার ফার্মা, আইএফআইসি ও পূবালী ব্যাংকের শেয়ারের মূল্য বেড়েছে। তবে এক্সিম ব্যাংকের শেয়ারের মূল্য কমেছে।
এছাড়া বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষে অবস্থানকারী অন্য কোম্পানীগুলো হলো বেক্সিমকো ফিশারিজ, মুন্নু টেক্সটাইল ও মুন্নু জুটেক্স। অন্যদিকে দরপতনের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানীগুলো হলো পলিমার, এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
