ইপিজেডের প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত কাপড় বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে
রাজস্ব বোর্ড রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোকে তাদের আমদানি করা অব্যবহৃত কাপড় দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বৃহস্পতিবার বিডিনিউজ২৪ডটকমকে জানান, শুল্ক পরিশোধ করে আমদানি করা কাপড় বিক্রির নতুন বিধি প্রণয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ মাসের শুরুতে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে এনবিআরের একটি সূত্র জানায়, এ ব্যাপারে বোর্ড দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, ইপিজেডের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ঝুট কাপড় বিক্রির আড়ালে এতোদিন আমদানি করা অব্যবহৃত কাপড় বিক্রি করেছে। প্রস্তাবিত নিয়ম অনুসারে বন্ড সুবিধার আওতায় এসব কারখানা এরপর থেকে আমদানি করা কাপড়ের ১০ শতাংশ প্রচলিত শুল্ক পরিশোধ করে অভ্যন্তরীণ বাজারে বিক্রির অনুমতি পাবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান আশরাফ আব্দুল্লাহ ঝুট ব্যবসার আড়ালে আমদানি করা অব্যবহৃত কাপড় বিক্রির কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রকৃত পরিস্থিতি জেনেও অতীতে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে পদ্ধতিগত সমস্যার কারণে প্রতিষ্ঠানগুলো অন্যায় সুযোগ নিয়েছে।
বর্তমানে ইপিজেড ও তার বাইরের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর বন্ড সুবিধার ক্ষেত্রে দুই ধরনের নিয়ম রয়েছে। প্রচলিত ইপিজেড আইন অনুসারে বন্ড সুবিধার আওতায় প্রতিটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শুল্কমুক্ত কাপড় আমদানি এবং অনির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকলেও অভ্যন্তরীণ বাজারে বিক্রির অনুমতি নেই। একই আইন অনুসারে ১২ ইঞ্চির কম উচ্চতার কাটা কাপড় ঝুট হিসেবে বিক্রির অনুমতি রয়েছে।
বেপজা চেয়ারম্যান বলেন, পদ্ধতিগতভাবে দুর্নীতি কমাতে আমরা নতুন বিধি তৈরির প্রস্তাব দিয়েছি।
ঢাকা ইপিজেডের দুটি কোম্পানি এ মাসেই এ ধরনের প্রচেষ্টা নেওয়ার সময় ধরা পড়ে।
চলতি মাসে হোপলুন গামেন্টস ২৪টি পুরাতন সুইং মেশিন ও সাউথ চায়না গার্মেন্টস ৪০০ রোল কাপড় পাচারকালে ঢাকা ইপিজেড কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে। অন্যদিকে এনবিআরের বন্ড সুবিধা অপব্যবহার করায় সাউথ চায়না গার্মেন্টসের বিরুদ্ধে তদন্ত চলছে।
ঢাকা ইপিজেডের জেনারেল ম্যানেজার এ জেড এম আজিজুর রহমান বৃহস্পতিবার বলেন, নিয়মভঙ্গের কারণে আমরা তাদের বিরুদ্ধে বন্ড সুবিধা বাতিল করতে পারি। ইতোমধ্যে আমরা তদন্তের ভিত্তিতে হোপলুন কোম্পানিকে বিশেষভাবে সর্তক করেছি।
তিনি বলেন, প্রস্তাবিত নতুন বিধি তৈরি হলে এ ধরনের দুর্নীতি প্রচেষ্টা অনেকাংশে কমে যাবে।
এ প্রসঙ্গে আরাফ গ্র“পের পরিচালক নাইমুল বাসার চৌধুরী বলেন, ইপিজেড ও তার বাইরের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর বন্ড সুবিধা একইরকম হওয়া উচিত।
উল্লেখ্য, গত জুন মাসে ঢাকা ইপিজেডে শ্রমিক বিক্ষোভের পর ঝুট ব্যবসায় ব্যাপক দূনীতি হয় বলে সরকারি বিভিন্ন তদন্তে স্বীকার করা হয়। তদন্তে আরও বলা হয়, এসব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য ইপিজেডের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়।
