কাতার এয়ারকে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালাতে দিতে বিমান রাজী নয়
কাতার এয়ারওয়েজকে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালানোর অনুমতি না দেয়ার দাবি তুলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেন রোববার বিডিনিউজ২৪.কমকে বলেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ার মধ্যপ্রাচ্যে নিয়মিত ফ্লাইট চালাচ্ছে। এরপরেও তাদের চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালানোর অনুমতি দিলে বিমান প্রচুর যাত্রী হারাতে পারে।
তিনি জানান, বিমান কর্তৃপক্ষ এ জন্য কাতার এয়ারকে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালানোর অনুমতি না দেয়ার দাবি জানিয়ে সরকারের উচ্চ পর্যায়ে চিঠি দিয়েছে।
এভিয়েশন সূত্র জানায়, সম্প্রতি কাতার এয়ার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট চালানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। এটি এখন সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এদিকে বিমানের সব কয়েকটি সংগঠনের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদ এরই মধ্যে হুমকি দিয়ে বলেছে, যেদিন কাতার এয়ারকে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালানোর অনুমতি দেয়া হবে, সেদিন থেকেই তারা আন্দোলনে নামবে।
সূত্র জানায়, কাতার এয়ার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যে সপ্তাহে ছয়টি ফ্লাইট চালাচ্ছে। অন্যদিকে বিমান ঢাকা থেকে মধ্যপ্রাচ্য ছাড়াও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের আবুধাবী, মাসকাট, জেদ্দা, কুয়েত ও রিয়াদ -- এই পাঁচটি গন্তব্যে ফ্লাইট চালাচ্ছে।
একটি সূত্র মতে, উন্নত পরিসেবা ও সময়সূচি রক্ষা করার ক্ষেত্রে কাতার এয়ারের রয়েছে বিশ্বব্যাপী সুনাম। এ কারণে এই এয়ারলাইন্সটিকে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালানোর অনুমতি দেয়া হলে বিমান মধ্যপ্রাচ্যের রুটগুলোতে ব্যপক সংখ্যায় যাত্রী হারাতে পারে।
বিমান বর্তমানে ২৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। সংস্থার উড়োজাহাজ বহরে পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস ও তিনটি এফ -- ২৮ রয়েছে। পুরনো উড়োজাহাজগুলো প্রায়ই যান্ত্রিক ক্রুটির কারণে অচল হয়ে পড়ে বলে বিমানকে ফ্লাইটের সময়সূচি রক্ষায় হিমশিম খেতে হয়।
