জিএমজি’র ব্যাংকক, দিল্লী ও কাঠমাণ্ডু ফ্লাইট শিগগিরই
জিএমজি এয়ারলাইন্স শিগগিরই আরো তিনটি আন্তর্জাতিক রুটে ডানা মেলতে যাচ্ছে। দেশের একমাত্র যাত্রীবাহী বেসরকারি এই এয়ারলাইন্সটি কলকাতা ফ্লাইটের পর এবার চালু করতে যাচ্ছে ব্যাংকক, দিল্লী ও কাঠমাণ্ডু ফ্লাইট।
জিএমজি এয়ারলাইন্সের মুখপাত্র বিজয় আলরেজা বিডিনিউজ২৪.কমকে জানান, আগামী ২০ অক্টোবর থেকে তাদের ওই নতুন তিনটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে।
তিনি জানান, তারা প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন ঢাকা -- ব্যাংকক ফ্লাইট ও দুদিন চট্টগ্রাম -- ব্যাংকক ফ্লাইট, তিনদিন ঢাকা -- দিল্লী ও তিনদিন ঢাকা -- কাঠমাণ্ডু ফ্লাইট চালু করতে যাচ্ছেন।
বিজয় আলরেজা জানান, নতুন এই তিনটি আন্তর্জাতিক ফ্লাইট চালানোর জন্য এরই মধ্যে তারা সুপরিসর দুটি মার্কিন এমডি -- ৮২ উড়োজাহাজ ভাড়া নিয়েছেন। এই ফ্লাইটগুলো সম্পর্কে শিগগিরই তারা গণমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।
১৯৯৮ সালে জিএমজি এয়ারলাইন্স দুটি ভাড়া করা কানাডিয়ান ড্যাশ -- এইট উড়োজাহাজ নিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা শুরু করে। তারা ঢাকা থেকে চট্টগ্রাম, বরিশাল, যশোর, কক্সবাজার ও সিলেট রুটে ফ্লাইট চালানোর পর ২০০৪ সালের সেপ্টেম্বরে চালু করে চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট ।
