ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিলটি ঝুলে গেল
পরিচালনা পর্ষদের আকার ও পরিচালক নিয়োগ সংক্রান্ত ব্যাংক-কোম্পানি আইনের সংশোধনী বিলটি অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে দুই বছর ধরে ঝুলে আছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ও গুরুত্বপুর্ণ নীতি প্রনয়নের ক্ষেত্রে প্রভাবশালী ব্যাংক মালিকদের খুশি করতে সরকার সংশোধনী বিলটি এখনও পাশ করেনি। বিলটি ২০০৪ সালে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায় সরকার।
বাংলাদেশ ব্যাংক ২০০৩ সালে ব্যাংকের পরিচালনা পরিষদের কাঠামো এবং নিয়োগ সংক্রান্ত নির্দেশনা জারি করার পর আটটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার ব্যাপারে হাইকোর্টে একটি রিট আবেদন করে। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেয়।
রিট আবেদনের বিপরীতে হাইকোর্ট ব্যাংক কোম্পানি আইনের ১২০ ধারা অনুসারে নীতিমালা প্রণয়ন করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি নির্দেশ জারি করে।
হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক সুপ্রীম কোর্টের আপিল বিভাগে গেলে আপিল বিভাগ ২০০৫ সালের ফেব্র“য়ারিতে এক স্থগিতাদেশের মাধ্যমে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বহাল রাখার বিধান জারি করে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, এই স্থগিতাদেশ সাময়িক। আইনি জটিলতা দূর করার জন্য ব্যাংক কোম্পানি আইনের কয়েকটি ধারা সংশোধনে আমরা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলাম।
ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী আইনে বলা হয়েছে, ‘প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়া পরিচালনা পরিষদে ১৩ জনের বেশি সদস্য থাকতে পারবে না।’
‘কোন পরিবারের সদস্যগন সমষ্টিগতভাবে কোন ব্যাংকের ১০ শতাংশ শেয়ারের অধিকারি হলে উক্ত পরিবারের সদস্যগনের মধ্য থেকে অনধিক দুই জন সদস্য পরিচালনা পরিষদে থাকতে পারবেন। ১০ শতাংশের কম শেয়ার থাকলে কোনও পরিবারের একজনের বেশি সদস্য পরিচালনা পরিষদে থাকতে পারবেন না।’
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সংশোধনীতে আরও বলা হয়, ‘প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যতিত কোনও পরিচালক একাদিক্রমে দুই মেয়াদের বেশি পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না।’
সংসদীয় কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান এমপি বিডিনিউজ২৪ডটকমকে বলেন, আমরা বিলটি পর্যালোচনার সময় পাইনি। সংসদের বর্তমান অধিবেশনেও এটি উত্থাপন করা হবে না।
বর্তমান সংসদের চলতি অধিবেশন ২৭ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। জোট সরকারের জন্য বর্তমান সংসদে এটিই হবে সর্বশেষ অধিবেশন।
প্রভাবশালী ব্যাংক মালিকদের খুশি করার জন্যই সংশোধনী পাসে দেরী করা হচ্ছে কি নাÑ এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারছি না।
সংশোধনী পাসে বিলম্ব হওয়ার কারণে সাতটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনা কোর্ট আদেশ বলে পরিপালন করছে না।
ব্যাংকগুলো হচ্ছে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড (এসআইএলবি), আল আরাফা ইসলামি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এসআইবিএল, আল আরাফা এবং ইউসিবিএল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সংক্রান্ত কোনও নির্দেশনা পরিপালন করেনি। বাকি ৪টি ব্যাংক আংশিকভাবে পরিপালন করেছে।
