২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাটেক্সপো

বাংলাদেশী তৈরি পোশাকের বার্ষিক উৎসব তিন দিনব্যাপী ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো), ২০০৬’ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাটেক্সপো উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জার্মান টেকনিক্যাল কোঅপারেশনের (জিটিজেড) এর যৌথ উদ্যোগে ঢাকা শেরাটন হোটেলে অ্যাপারেলস, ফেব্রিকস, যন্ত্রাংশ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে এ মেলার আয়োজন করা হচ্ছে।

স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান, চীন, তাইওয়ান এবং ভারতের মোট ৮৫ জন উদ্যোক্তা এ প্রদর্শনী মেলায় অংশ নিচ্ছেন। ৯২ টি স্টলে তারা তাদের বাহারি পণ্যের সম্ভার তুলে ধরবেন।

বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক বুধবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বার্ষিক এই প্রদর্শনীতে উল্লেখযোগ্যসংখ্যক শীর্ষ স্থানীয় কোম্পানির প্রতিনিধি এবং বিদেশী ক্রেতারা আসবেন বলে আমরা আশা করছি।’

আগের বছরগুলোর মতো এবারও মেলা থেকেই বিক্রয়ের ব্যবস্থাসহ তৈরি পোশাকের বিশেষ আয়োজন থাকবে।

প্রদর্শনী মেলার পাশাপাশি তৈরি পোশাক খাতের জন্য আগামী দিনের চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং সেগুলোর মোকাবেলার বিষয়ে বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে খ্যাতিমান বিশেষজ্ঞ, লেখক ও বক্তারা উপস্থিত থাকবেন।

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ৭ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। এ খাত থেকে দেশের মোট বৈদেশিক আয়ের ৭৫ শতাংশ অর্জিত হয়। এ শিল্পে প্রায় ২০ লাখ নিয়োজিত আছে এবং তাদের ৮০ শতাংশই নারী।

গত বছরের বাটেক্সপো মেলায় ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, দক্ষিণপূর্ব এশিয়া, ইউরোপ ও অন্যান্য দেশ থেকে অনেক ক্রেতাই এসেছিল বলে বিজিএমইএ কর্মকর্তারা জানান।