২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও চাঙ্গা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপডেট

রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সূচক ছিলো উর্দ্ধমুখী। আর এই ঊর্ধ্বমুখীর কাতারে অগ্রণী ভূমিকা পালন করেছে সামিট পাওয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

শেয়ার বাজারে সোমবার লেনদেন সূচকের শীর্ষে অবস্থান করা সামিট পাওয়ারের প্রতিটি শেয়ারের মূল্য ১৩ দশমিক ৭৫ টাকা অথবা ২ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৯৯ টাকায় দাঁড়ায়। রোববার এর মূল্য ছিল ৫৮৫ দশমিক ২৫ টাকা।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সামিট পাওয়ারের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে মূল্য সংবেদনশীল কোন অপ্রকাশিত তথ্য নেই। তবে চলতি মাসের শেষে আমাদের দুটি ইউনিট এবং পরবর্তী মাসে অপর আরেকটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।

নতুন ইউনিট দুটি বর্তমান ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সাথে আরো ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করবে বলেও সামিট পাওয়ারের ওই কর্মকর্তা জানান।

এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বলেন, বাজার আগের চেয়ে বর্তমানে অনেক স্থিতিশীল বলেই রাজনৈতিক অস্থিরতা এতে প্রভাব ফেলতে পারেনি।  

ডিএসই এর সকল শেয়ারের মূল্য সূচক সোমবার ৫ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩২৮ দশমিক ৮৪ থেকে ১৩ হাজার ৩৩৪ দশমিক ৬ তে উন্নীত হয়।

অপরদিকে ডিএসই এর সাধারণ শেয়ারের মূল্য সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট বা দশকি ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে রোববারের ১ হাজার ৫৯৯ দশমিক ২০ থেকে বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬০৩ দশমিক ৭০ এ। এ ছাড়া ডিএসই - ২০ ২ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৭৪ দশমিক ২৭ এ দাঁড়ায়।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও রোববারের তুলনায় লেনদেন সূচক বাড়ন্তই ছিল।

ডিএসইতে সোমবার লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানীগুলো হলো সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) এবং বেক্সটেক্স। এদের মধ্যে লেনদেনের শীর্ষে ছিলো বেক্সটেক্স।

অপরদিকে ডিএসই - ২০ এর লেনদেন সূচকের শীর্ষে ছিলো বাংলাদেশ ল্যাম্প। আর এর পরের স্থানেই ছিলো সাউথইস্ট ব্যাংক ও ঢাকা ব্যাংক।

তবে স্কয়ার ফার্মা, এমসিএল (প্রাণ) এবং উত্তরা ফিন্যান্সের শেয়ার মূল্য আরও কমে যায়।

অন্য কোম্পানীগুলোর মধ্যে মূল্য সূচক বৃদ্ধির শীর্ষে ছিলো শাইন পুকুর ও মেঘনা পেট এবং রেনউইক ও মিতা টেক্সটাইলের শেয়ারের মূল্য সবচেয়ে বেশি হ্রাস পায়।

শাইন পুকুরের শেয়ারের মূল্য ৫ টাকা বা ২০ দশমিক ৪১ ভাগ বৃদ্ধি পেয়ে ২৪ দশমিক ৫০ থেকে বেড়ে ২৯ দশমিক ৫০ এ দাঁড়ায়।