মধ্যপ্রাচ্যে শান্তি ও দরিদ্র সহায়ক বাণিজ্যকে সমর্থন জানাতে বাংলাদেশের আহ্বান
ন্যাম সম্মেলনে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর স্বার্থে দারিদ্র্য-সহায়ক বাণিজ্যকে সমর্থন এবং বিশ্বের সংকটপূর্ণ অঞ্চলগুলোতে বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে শক্তিশালী ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে এ আহ্বান জানান।
তিনি বলেন, যেসব দেশে অসংখ্য দরিদ্র মানুষ বসবাস করে এবং যাদের আয় এক ডলারের নিচে তাদের স্বার্থে উন্নত দেশগুলোর পক্ষ থেকে সরাসরি বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এবং ‘বাণিজ্যের জন্য সাহায্য’ আরও বাড়ানো উচিত।
স্বল্পোন্নত দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর বাজারে প্রবেশের সুবিধা আরও বাড়াতে হবে বলে মোর্শেদ খান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ উদ্যোগকে পুনরায় গতিশীল করে তোলার আহ্বান জািনয়ে বলেন, শুধু শান্তি ও নিরাপত্তার জন্যই নয়, বরং অস্ত্র খাতের অর্থ স্থানান্তর করে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন প্রকল্প জোরদার করা উচিত। রোববার ঢাকায় প্রাপ্ত বার্তায় এ তথ্য জানা যায়।
ন্যাম শীর্ষ সম্মেলনে বিশ্বের ৬০ টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ সম্মেলনে যোগ দেন। এছাড়া ন্যামের সদস্য ১০০টিরও বেশী সদস্য দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে একটি ঘোষণা গৃহীত হয়।
ঘোষণায় ন্যাম এর নীতিমালা ও উদ্দেশ্যসমূহ নবায়ন করা হয় এবং আন্দোলনের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকবিলার জন্য সদস্য দেশগুলোর প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়।
শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে মোর্শেদ খান তার বক্তব্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
এ ব্যাপারে বাংলাদেশ মানুষের চলাচল ও অভিবাসী শ্রমিকদের অধিকারের ওপর বিশেষ জোর দেয়।
শ্রমিকদের অবাধ চলাচলের ওপর গুরুত্ব আরোপ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগের ফলে দু’পক্ষই লাভবান হতে পারে।
লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী লেবাননের জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
লিখিত বক্তব্যে তিনি মধ্যপ্রাচ্য সংকটের ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক এবং দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে সহজ করে তুলতে জোট নিরপেক্ষ দেশগুলোকে একযোগে কাজ করতে হবে।
