গত অর্থ বছরে ২৭.৩০% বেশি কর আদায়
২০০৫-২০০৬ অর্থ বছরে ২৭.৩০ শতাংশ বেশি কর আদায় করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের কমিশনারস ফোরাম আয়োজিত ‘রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য দেওয়া হয়।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রবৃদ্ধি আয়কর বিভাগের ইতিহাসে সর্বোচ্চ আদায়। তবে বর্তমান অর্থ বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গত অর্থ বছরের চেয়ে ৮৫৮ কোটি টাকা বেশি কর আদায় করতে হবে।
এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সেমিনারে বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে- আয়কর বিভাগের লোকবল বৃদ্ধি, কর মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, বর্তমান কর আইন অনুযায়ী কর খেলাপীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বড় করদাতাদের জন্য বিশেষ অডিটের ব্যবস্থা করা, জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ, কেন্দ্রীয় গোয়েন্দা সেল শক্তিশালীকরণ, করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ, কর অফিসমূহের কম্পিউটারায়ন ইত্যাদি।
ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল করিম। এতে বোর্ডের আয়কর বিভাগের কমিশনাররা অংশ নেন।
