রৌমারী ও রাজিবপুরে সার সংকটে কৃষক, মুনাফা লুটছেন খুচরা বিক্রেতারা
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলা ইউরিয়া সারের তীব্র সংকট এখনও কাটেনি। সময়মতো জমিতে সার দিতে না পেরে কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
উপজেলার ২১ জন ডিলারের গুদামে প্রায় এক সপ্তাহ ধরে সার না থাকায় এর সুযোগ নিয়ে এক শ্রেণীর খুচরা বিক্রেতা বিভিন্ন এলাকা থেকে সার সংগ্রহ করে প্রতিবস্তা ইউরিয়া সার ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি করছে।
জানা গেছে, রৌমারী ও রাজিবপুরে বেশী টাকা দিয়েও সার পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফলে প্রায়ই তাদের রোষানলের শিকার হচ্ছেন খুচরা বিক্রেতারা।
বাবলু মিয়া নামে এক খুচরা বিক্রেতা সোমবার দুপুর ১২টার দিকে শেরপুর জেলার সানন্দা বাড়ি থেকে ৪৯ বস্তা ইউরিয়া সার নিয়ে কুড়িগ্রাম আসছিলেন। রাজিবপুর উপজেলার সাড়োহাড়ি গ্রামের কাছে পৌঁছালে বিক্ষুব্ধ কৃষকরা তাকে আটক করে। একইদিন রাজিবপুর উপজেলার কোদালকাটি বাজারের ডিলার আব্দুল বারী মাস্টারের গুদাম থেকে গোপনে নিয়ে যাওয়ার সময় কৃষকরা ৭০ বস্তা সারসহ হাফিজুর রহমান ও আব্দুল করিম নামে দুই বিক্রেতাকে আটক করে। কিন্তু ঘটনার পরপরই স্থানীয় প্রভাবশালী মহল হুমকি দিয়ে আটক সার ও খুচরা বিক্রেতাদের ছাড়িয়ে নিয়ে যায়।
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে রৌমারী ও রাজিবপুর উপজেলায় ১২ হাজার ৩০০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা জমিতে প্রথম দফা সার দিতে পারলেও অধিকাংশ কৃষকই প্রচন্ড খরার কারণে দ্বিতীয় এবং তৃতীয় দফা সার দিতে পারেনি। কিন্তু এখন বৃষ্টি হওয়ায় কৃষকরা সার দেওয়ার জন্য উদগ্রীব হলেও সার না পাওয়ায় চাষে ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে জেলা সার ডিলার সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, দুই উপজেলার ২১ জন ডিলারকে সেপ্টেম্বর মাসে ৪০ মে. টন করে মোট ৮৪০ মে. টন ইউরিয়া সার বরাদ্দ দেয়া হয়েছে। পুরো বরাদ্দের সার তারা যমুনা সার কারখানা থেকে উত্তোলন করার কথা। কিন্তু ডিলার সমিতির হরতাল এবং তারাকান্দি ট্রাক মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে পরিবহন ধর্মঘটের কারণে ডিলাররা চলতি মাসে আর সার উত্তোলন করতে পারেনি। ফলে তাদের গুদাম এখন সার শূণ্য হয়ে পড়েছে।
রৌমারী ও রাজিবপুর উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা ডা. তরুণ কান্তি শিকদারও ডিলারদের গুদামে সার না থাকার কথা স্বীকার করেন। তবে মূল্য বৃদ্ধির কথা অস্বীকার করে তিনি বলেন, সার আটকের ঘটনা দুটো তদন্ত করে দেখা হবে।
জেলা প্রশাসক আজিজার রহমান মোল্লা বলেন, সার সংকট ও মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে।
