এবার নির্বাচনী ব্যয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সরকারের কাছে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ চাইবে। চলতি মাসেই কমিশন ওই খসড়া নির্বাচনী বাজেট অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে বলে জানা গেছে।
কিন্তু এ ব্যাপারে ওয়াকিবহাল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোটার তালিকা হালনাগাদ করার খরচসহ শেষ পর্যন্ত মোট নির্বাচনী ব্যয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
ওই কর্মকর্তা বিডিনিউজকে জানান, ২০০১ সালে নির্বাচন অনুষ্ঠানের বাজেট বরাদ্দ ছিল প্রায় ৭২ কোটি টাকা। কিন্তু এবার ভোট কেন্দ্র ও ভোটারের সংখ্যা বাড়ায় বাজেটও বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বছর খানেক ধরে ভোটার তালিকা হালনাগাদ করতে নির্বাচন কমিশন ব্যয় করেছে প্রায় ৬৯ কোটি টাকা। ভোটার তালিকা মূদ্রণ করতে কমিশনের ব্যয় হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। তারা সরকারের কাছে আরো ১২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই বরাদ্দ পেলে ভোটার তালিকা তৈরিতে মোট খরচ দাঁড়াবে প্রায় ১০১ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে ২০০৭ সালের নির্বাচনী ব্যয় ২০০ কোটি টাকা ছড়িয়ে যাবে।
২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুসারে এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯ হাজার ৯৭৮ টি ভোট কেন্দ্র ছিল। সেইসময় মোট বুথের সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ২৮৮টি।
সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতি হিসেবে কমিশন এরই মধ্যে সিল নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। তৈরি করা হচ্ছে প্রায় ২০ হাজার নতুন ব্যালট বাক্স। পুরনো ব্যালট বাক্সগুলোও মেরামত করা হচ্ছে।
নির্বাচন কমিশন আশা করছে, চলতি মাসেই মাঠ পর্যায় থেকে হালনাগাদ ভোট কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।
