২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ ঋণ খেলাপির ঋণ আদায়ে ব্যর্থ বিএসআরএস

বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) ২৮ ঋণ খেলাপির কাছ থেকে ১০২ কোটি ৪৪ লাখ টাকা আদায়ে ব্যর্থ হয়েছে। এই অর্থ মোট অনাদায়ী ঋণ ২৩২ কোটি ৪৫ লাখ টাকার ৪৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

নামপ্রকাশে অনিচ্ছুক উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান, কমিশন দেওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেনীর ঋণের অংক কিছুটা কমিয়েছি। নিু আদালত থেকে ঋণ খেলাপিদের প্রজেক্ট বিক্রির আদেশ পেলেও তারা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসার কারণে আমরা খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হচ্ছি।  

তিনি আরো জানান, এই ঋণ ১৯৮০ সালের দিকে বিতরণ করা হয় এবং অধিকাংশ ঋণ গ্রহিতাই তাদের ব্যবসার স্থান পরিবর্তন করেছে অথবা গুটিয়ে নিয়েছে।

তিনি বলেন, ঋণের টাকা উদ্ধারের জন্য ২৮ ঋণ গ্রহিতার মধ্যে ১২ জনের প্রতিষ্ঠান বিক্রি করা হয়েছে। কিন্তু হাইকোর্ট ৮  ঋণ খেলাপির প্রতিষ্ঠান বিক্রির উপর স্থগিতাদেশ জারী করে। ফলে আমাদের খেলাপি ঋণ আদায়ে সমস্যা হচ্ছে ।

বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার ৩০ জুনের প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বড় অংকের খেলাপি ঋণ হচ্ছে ২৯ কোটি ৮৭ লাখ টাকা, যা নিয়েছে ইসলামী কার্পেট মিলস্। এর পরের স্থানে রয়েছে মডার্ন জুট মিলস। এই প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণের অংক ২২ কোটি ৬০ লাখ টাকা। আর তৃতীয় স্থানে আছে রংপুর ডিস্ট্রিলারি, যাদের খেলাপি ঋণের অংক ১৫ কোটি ৯০ লাখ  টাকা।

এ ছাড়া সালেহ এবং বাংলাদেশ মেইজ প্রডাক্ট যথাক্রমে ৫ কোটি ৩৪ লাখ এবং ৩ কোটি ২৪ লাখ টাকার ঋণ খেলাপি।

অন্যান্য ঋণ খেলাপিরা হলো আগ্রাবাদ হোটেল, আশান শিপিং লাইনস্, ইস্টার্ন ক্যামিকেল, গাজী ফিশারিজ, জয় সিল্ক মিল, মাহমুদ ফ্যাশন ওয়্যার, মিজাবো স্টিল, মেরিটেরিয়ান শিপিং অ্যান্ড ট্রেডিং, পূবালী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ এবং কাসেম কটন মিল।