২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের অন্যতম প্রধান দুই টেক্সটাইল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে

ওভেন খাতের পশ্চাৎ সংযোগ শিল্পে এশিয়ার দুই অন্যতম টেক্সটাইল কোম্পানি টরে গ্র“প এবং অরভিন্দ মিলস বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্র জানায়, এশিয়ার সর্বোচ্চ ডেনিম উৎপাদক ভারতভিত্তিক অরভিন্দ মিলস এবং বিশ্বের অন্যতম ফেব্রিক্স উৎপাদক জাপানভিত্তিক টরে গ্র“প যথাক্রমে ৬৬ মিলিয়ন মার্কিন ডলার ও ৩০ মিলিয়ন মার্কিন ডলার কুমিল্লা এবং আদমজী ইপিজেডে বিনিয়োগ করতে যাচ্ছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বিডিনিউজকে বলেন, ইপিজেডে টেক্সটাইল খাতে নতুনভাবে বড় ধরনের বিনিয়োগ আসতে শুরু করেছে।

তিনি বলেন, ‘চলতি মাসের মধ্যে আমরা অরভিন্দ মিলসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি’।

তিনি আরো বলেন, ইতোমধ্যে টরে গ্র“পের বিনিয়োগ প্রস্তাবনা চুড়ান্ত পর্যায়ে রয়েছে, আগামী মাসে এ ব্যাপারে বিনিয়োগ চুক্তি হবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি এমএ আওয়াল নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, চলতি বছরসহ গত চার বছরের দেশীয় প্রাথমিক টেক্সটাইল উদ্যোক্তারা প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। তাই বিশ্বের অন্যতম টেক্সটাইল কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করার ঝুঁকি নিয়ে শিল্প স্থাপন করতে এগিয়ে আসছে।

যদিও তিনি বলেন, ‘ডেনিম খাতে ইতোমধ্যে দেশীয় টেক্সটাইল মালিকরা ব্যাপক বিনিয়োগ করেছে। ফলে এ খাতের বৈদেশিক বিনিয়োগ আমরা উৎসাহিত করছি না’।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ডেনিম খাতের উৎপাদন ৫০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। এর উৎপাদন ক্ষমতা ২৮ মিলিয়ন মিটার থেকে ১৮৪ মিলিয়ন মিটারে পৌঁছাবে।

দেশে অরভিন্দ মিলস এর বিনিয়োগ থেকে বছরে ৩০ মিলিয়ন মিটার ডেনিম উৎপাদন করতে সক্ষম হবে এবং ১০০০ লোকের দক্ষ জনশক্তি কর্মসংস্থান হবে।

অন্যদিকে টরে গ্র“প এর বিনিয়োগ থেকে বছরে ২২ মিলিয়ন গজ ওভেন ফেব্রিক্স উৎপাদন করতে সক্ষম হবে এবং ৭৫০ জন  দক্ষ জনশক্তি কর্মসংস্থান হবে।