শূন্য শুল্ক প্রস্তাব সত্ত্বেও জিনিসপত্রের দাম বাড়বে: ব্যবসায়ীদের আশংকা
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রস্তাবিত শূন্য শুল্ক সুবিধা কোনো কাজে আসবে না। বরং ব্যবসায়ীদের আশঙ্কা সরকারের এই কার্যক্রমে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ী নেতারা বৃহস্পতিবার এফবিসিসিআই আয়োজিত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর সরকারী এ উদ্যাগকে তারা ”আইওয়াশ” বলেও অভিহিত করেন।
তারা বলেন, রোজা শুরু হওয়ার দুই - তিন মাস আগে শূন্য শুল্ক সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত নিলে বাজারে তার ইতিবাচক প্রভাব বজায় থাকতো।
সরকারের পক্ষ থেকে রমজান মাসে বহুল ব্যবহৃত ১১টি পণ্যের দাম কমানো হবে বলে সংবাদ প্রচার করা হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে পেঁয়াজ, ডাল এবং ছোলা এ তিনটি পণ্যের শুল্ক প্রত্যাহার করা হচ্ছে।
এফবিসিসিআই এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মীর নাসির হোসেন বলেন, সরকারের প্রস্তাবিত শূণ্য শুল্ক সুবিধা দ্রুত কার্যকর করা উচিত।
তিনি আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য ও দেশী পাইকারি বাজার দর মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সার্বক্ষনিক মনিটরিং সেল চালু করার পাশাপাশি এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। বেশিরভাগ ব্যবসায়ী সভায় বেশ কিছু পণ্যের ক্ষেত্রে সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে স্বীকার করলেও কয়েকজন ব্যবসায়ী, বিশেষ করে সয়াবিন তেল রিফাইনারি মালিক রউফ চৌধুরী এর বিরোধিতা করেন।
কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তা এমদাদ হোসেন বিভিন্ন পণ্য, বিশেষ করে ছোলা ডালের ক্ষেত্রে ভেজাল করা হচ্ছে বলে অভিযোগ করেন। ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেন, ছোলার দাম কেজি প্রতি ৪২ টাকা থেকে বেড়ে এখন ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ভেজাল দেওয়া শুরু হয়েছে।
এদিকে সম্প্রতি মজুদদারীর বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও কর বিভাগ যে অভিযান শুরু করেছে সে ব্যাপারে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ী নেতারা নানা অভিযোগ করেন। আইনশৃংখলা ও কর বিভাগের কর্মকতাদের বিরুদ্ধে তারা চাঁদাবাজীর অভিযোগ করে বলেন, তাদের চাঁদা আদায়ের কারণে দ্রব্যমূল্য ৫ শতাংশ বেড়ে যেতে পারে।
১৯৫৬ সালের মজুদ আইন ও ১৯৭০ সালের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বন্টন অধ্যাদেশ কার্যকর করা জন্য সভায় এফবিসিসিআই - এর পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানানো হয়। এই আইন দুটির প্রয়োগ এখন স্থগিত রয়েছে।
