২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ এর সাহায্য নিয়ে অন্ধকারে বাংলাদেশ

দারিদ্র্য বিমোচনে প্রবৃদ্ধিগত সহায়তা (পোভার্টি রিডাকশন গ্রোথ ফ্যাসিলিটি বা পিআরজিএফ) খাতে বাংলাদেশকে আরও সহায়তা দেওয়া হবে কিনা সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে অন্ধকারে রেখেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এর ফলে ওই কর্মসূচির পঞ্চম কিস্তির টাকা প্রাপ্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার আইএমএফ এর একটি মূল্যায়নকারী দলের সাথে তার অফিসে বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দীন সাংবাদিকদের জানান, এ বিষয়ে তাদের মধ্যে কোন আলোচনা হয়নি।

আইএমএফ এর এই দলটি সরকারকে দেওয়া আগের কিছু শর্ত পর্যালোচনা করে দেখবে বলে তিনি জানান।

পিআরজিএফ খাতে বাংলাদেশকে শর্তসাপেক্ষে ৪৯ কোটি ডলার অর্থসাহায্য দিচ্ছে আইএমএফ।

থমাস রুমবার্গের নেতৃত্বে আইএমএফ এর এই মূল্যায়নকারী দলটি প্রতি ছয় মাসে সরকারের বাস্তবায়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে দেখে।

এ বিষয়ে থমাস রুমবার্গ বলেন, ‘ওই বৈঠকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালা নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের মতামত জানাবো।

গত জুনে আইএমএফ এর কাছ থেকে পিআরজিএফ খাতে পঞ্চম কিস্তির টাকাসহ ট্রেড ইন্টিগ্রেশন মেকানিজম (টিআইএম) খাতে বাংলাদেশের মোট ১০ কোটি ডলার পাওয়ার কথা ছিল। এই অর্থ চলতি মাসে পাওয়া যাবে বলে সরকার আশা করছে।

আইএমএফ এর দলটি জাতীয় রাজস্ব বোর্ডের সাথেও বৈঠক করে।

বৈঠকে উপস্থিত কয়েকটি সূত্র জানায়, দলটি উদ্যোক্তাদের করের আওতা থেকে বাদ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে।