২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রতুল মজুদ নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে টিসিবির ওএমএস

চাহিদার তিনভাগের একভাগ চিনি, অর্ধেকেরও কম ডাল এবং এক চতুর্থাংশ সয়াবিন তেলের মজুদ নিয়ে ট্রেডিং করপোরেশন (টিসিবি) আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ দেশের চারটি বিভাগীয় শহরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) চালু করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে ওএমএস চালু সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এক আন্ত:মন্ত্রণালয় সভায় বুধবার এ তথ্য দেয়া হয়।

সভায় টিসিবির চেয়ারম্যান জানান, টিসিবি এ সময় খোলা বাজারে চার হাজার মেট্রিক টন চিনি, তিন হাজার মেট্রিক টন মশুর ডাল, দুই লাখ লিটার সয়াবিন তেল, ১০০ মেট্রিক টন ছোলা ও ১৫০ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে টিসিবির গুদামে বর্তমানে মাত্র এক হাজার ১৫৩ দশমিক ৯২৮ মেট্রিক টন চিনি, এক হাজার ৪৯০ মেট্রিক টন ডাল, ৫১ হাজার ৭০০ লিটার সয়াবিল তেল মজুদ রয়েছে।

বাকী পণ্যগুলো আমদানি ও মজুদের ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। তবে রোজায় অত্যন্ত প্রয়োজনীয় ছোলা ও পেঁয়াজ আমদানির জন্য এখনো চুক্তি স্বাক্ষর হয়নি। আগামী দু’একদিনের মধ্যেই এ ব্যাপারে চুক্তি হবে।

সভা সূত্র জানায়, এতে খোলা বাজারে বিক্রির জন্য প্রতি লিটার সয়াবিন তেল ৫০ টাকা, প্রতি কেজি ডাল ৫৫ টাকা, প্রতি কেজি ছোলা ৫৫ টাকা এবং প্রতি কেজি চিনির দাম ৩৮ টাকা করে ধরা হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। আগামী রোববার অনুষ্ঠেয় আন্ত:মন্ত্রণালয় সভায় এসব পণ্যের চূড়ান্ত মূল্য তালিকা তৈরি করা হবে।

সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ওএমএস ডিলারদের মধ্যে ৩৫০ জন ঢাকায়, ৪০ জন চট্টগ্রামে এবং রাজশাহী ও খুলনায় ২৫ জন করে এ কাজ করবে। এসব ভোগপণ্য শুক্রবার ছাড়া সপ্তাহের বাকী ছয়দিন বিক্রি করা হবে। প্রাথমিকভাবে চিনি ও ডাল এবং পরে ছোলা, পেঁয়াজ ও সয়াবিন তেল বিক্রি করা হবে।

তিনি জানান, ওএমএস পদ্ধতিতে বিক্রির পাশাপাশি টিসিবি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় ২০টি, চট্রগ্রামে চারটি, রাজশাহী ও খুলনায় দু’টি ট্রাকে করে বিভিন্ন পয়েন্টে এসব ভোগ্যপণ্য বিক্রি করবে। প্রতিদিনই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পণ্য বিক্রি করা হবে। খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমান পরিদর্শক দল টিসিবির এ কার্যক্রম তদারকি করবে।

বাণিজ্য সচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের উর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তারা ছাড়াও টিসিবির চেয়ারম্যান কবির মোহাম্মদ আশরাফ আলম ও খাদ্য অধিদপ্তরে মহাপরিচালক জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।