২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ বাড়বে: এডিবির পূর্বাভাস

পাহাড়সম বৈদেশিক চাপ সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০০৭ সালে ৬ শতাংশ বাড়বে। প্রবৃদ্ধির এ হার আগের বছরের তুলনায় সামান্য কম। ২০০৬ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এশীয় উন্নয়ন আউটলুক (এডিও) এর  ২০০৬ সালের এপ্রিলে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৬ অর্থবছরে বন্যা পরবর্তী সময়ে কৃষিক্ষেত্রে অতিরিক্ত উৎপাদনের ফলে জিডিপি প্রবৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, মোটের ওপর ইতিবাচক অবস্থা সত্ত্বেও জ্বালানি পণ্যের নিু মূল্যের কারণে যে অর্থনৈতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হবে তা অর্থ ও মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতার ক্ষেত্রে হুমকির সৃষ্টি করতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে ২০০৭ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে। 

গার্মেন্টস, টেক্সটাইল, কেমিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নতুন সক্ষমতা যুক্ত হওয়ায় শিল্পের সম্প্রসারণ পরিস্থিতি এবং সেবা খাত অনুকূল থাকতে পারে। তা সত্ত্বেও বিদ্যুৎ ঘাটতির বিষয়টির দিকে নজর দেওয়া প্রয়োজন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ক্রমবর্ধমান গার্মেন্টস খাতের জন্য এডিওতে দুটি চ্যালেঞ্জের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর একটি হচ্ছে সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো, যেটি নিয়ে আন্তর্জাতিক ক্রেতারা উদ্বিগ্ন। অপরটি হচ্ছে অবকাঠামোগত প্রতিবন্ধকতা সহজতর করা।

২০০৭ সালে মুদ্রাস্ফীতি গড়ে ৭ শতাংশ হবে বলে এডিও হালনাগাদ প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্প্রতি অভ্যন্তরীণ বাজারে পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভর্তুকি বহাল রাখার বিষয়টি অর্থবছরের স্থিতিশীলতার ক্ষেত্রে এটি হুমকি হবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতে বাংলাদেশকে একটি নতুন মূল্য পদ্ধতি গ্রহণ করতে হবে যা নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের খুচরা মূল্য নির্ধারণ করবে। এ ছাড়া প্রতিবেদনে দরিদ্রদের জন্য একটি বাজেট অনুকূল নিরাপত্তা ব্যূহ সরবরাহ করতে হবে বলেও এডিওতে বলা হয়।