২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার অবসান

সারচার্জ আরোপ নিয়ে চট্টগ্রাম বন্দরে গত কয়েকদিন ধরে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তার আপাত সমাধান হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আজ মঙ্গলবার সরকার, রপ্তানীকারক ও জাহাজ ব্যবসায়ীদের ত্রিপক্ষীয় বৈঠকে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আমদানী - রপ্তানী বাণিজ্যে এই অচলাবস্থার ফলপ্রসু সমাধান হয়।

এতে সারচার্জ প্রত্যাহার, সারচার্জ নিয়ে আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার ও ফিডার অপারেটরদের পক্ষ থেকে ২০ আগস্টের পর থেকে নেওয়া সব ধরনের সারচার্জ রপ্তানীকারকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর আজ থেকে চট্টগ্রাম বন্দরে পূরোদমে জাহাজীকরণের কাজ শুরু হয়ে যায়।

সিঙ্গাপুর - ভিত্তিক জাহাজ মালিকদের সংগঠন চিটাগাং ফিডার ট্রেড কমিটি (সিএফটিসি) শনিবার কোন ধরনের সতর্কতা নোটিশ ছাড়াই চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছিল।

সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় ওই বৈঠকে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ এর সভাপতি এসএম ফজলুল হক, সহ-সভাপতি আব্দুস সালাম মোর্শেদী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সিঙ্গাপুরভিত্তিক জাহাজ ব্যবসায়ীদের সংগঠন সিএফটিসির প্রধান এসি লিম, দেশীয় জাহাজ ব্যবসায়ীদের প্রতিনিধি এবং ফিডার লাইন ও মেইন লাইন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রায় তিন ঘন্টাব্যাপী ওই সভায় দুপক্ষই তাদের অবস্থানে জোরালো ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত তিনটি বিষয়ের ওপর একমত হতে সক্ষম হন।

বৈঠক শেষে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ফলপ্রসু আলোচনার ভিত্তিতে বন্দরে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে। এর মাধ্যমে বন্দরে সব ধরনের সারচার্জ প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ফিডার অপারেটর ও জাহাজ মালিকরা ২০ আগস্টের পর থেকে নেওয়া সারচার্জের অর্থ ফেরত দিতেও সম্মত হয়েছেন। তবে ওই দিনের আগে কোনো অযৌক্তিক সারচার্জ নেওয়া হলে তাও তারা ফেরত দেবেন।

মন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সারচার্জের অর্থ ব্যবসায়ীরা ফেরত পাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং ব্যবস্থা নেবে। এছাড়াও কমিটি প্রতি তিন মাস অন্তর একবার করে বৈঠকে বসে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এছাড়াও আদালতে দায়ের করা মামলা এবং আদালত অবমাননার মামলা প্রত্যাহারের ব্যাপারেও দুপক্ষ সম্মত হয়েছে। তাদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকসহ একটি আবেদন বুধবারই আদালতে জমা দেওয়া হবে। আগামী চার কার্যদিবসের মধ্যেই মামলা প্রত্যাহারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন জানান, ভবিষ্যতে যাতে আর কোন জটিলতা না হয় সেজন্য গঠিত কমিটি আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেবে।

বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানীকারকরা কোন সারচার্জ দেবে না। তাদের কাছে সারচার্জ দাবি কোন যুক্তিযুক্ত দাবিও নয়। এখন থেকে পরিবহন ভাড়া পরিশোধকারী পক্ষই সারচার্জ পরিশোধ করবে। এক্ষেত্রে এফওবি পদ্ধতির জন্য মেইন লাইন অপারেটররা (এমএলও) অথবা সিএনএফ ব্যবস্থার ক্ষেত্রে সরবরাহকারি পক্ষ সারচার্জ দেবে।

সিএফটিসির প্রধান এসি লিম বলেন, ‘মামলা প্রত্যাহার ও চট্টগ্রাম বন্দরে ভবিষ্যতে পরিবহন-জট সৃষ্টি না হওয়ার শর্তে আমরা সারচার্জ প্রত্যাহার ও সারচার্জের নেয়া অর্থ ফেরত দিতে সম্মত হয়েছি’।