ফতুল্লা ও গোদনাইল ডিপোতে তেল উত্তোলন বন্ধ
নভেম্বরের মধ্যে জ্বালানী তেল সরবরাহ স্বাভাবিক করা এবং রেশনিং পদ্ধতি বাতিলের দাবি মেনে নেওয়ার ব্যাপারে সরকারের আশ্বাস সত্ত্বেও আজ মঙ্গলবার থেকে পেট্রোলিয়াম ডিলার, ট্যাংক - লরী মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
এ কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকার গোদনাইল ও ফতুল্লা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করা হয়নি।
ঢাকা বিভাগের প্রায় সাড়ে পাঁচশ এজেন্ট, ছয়শ ট্যাংক লরী ও তিনশ পেট্রোল পাম্প মালিক এই ধর্মঘটে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন ঢাকা বিভাগীয় কমিটি এর আগে কর্মসূচি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করে।
আজ সকালে ফতুল্লার মেঘনা ও যমুনা এবং গোদনাইলের মেঘনা ও পদ্মা ডিপো গেটে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বলেন, পর্যাপ্ত ডিজেল সরবরাহ ও রেশনিং পদ্ধতি বাতিল করা না হলে তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। ন্যায়সঙ্গত দাবি আদায়ের প্রতি সরকার আন্তরিক না হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ডিপো অচল করে দেওয়ার হুমকি দেন তারা।
তাদের অভিযোগ, ঢাকার ফতুল্লা ও গোদনাইল এবং খুলনা, বরিশাল, চাঁদপুর, সিলেট এবং চট্টগ্রাম জেলার ডিপোগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হয়ে থাকে। তাদের এই দাবির ্রপতি সারাদেশের জ্বালানী তেল ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন রয়েছে।
এদিকে এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ভৈরব ডিপো এবং ক্যান্টনমেন্টের পিএলও ডিপোতেও তেল উত্তোলন করেনি ট্যাংক লরী।
