অবশেষে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভাড়া নেয়ার প্রস্তুতি চলছে
সরকারের লোকসান হবে জেনেও বিদ্যুত বিভাগের বেসরকারী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভাড়া নেয়ার বিতর্কিত প্রস্তাব বাস্তবায়নের তোড়জোর আবারও শুরু হয়েছে।
এই প্রস্তাব বাস্তবায়িত হলে ১৫ বছরে সরকারের ৭ হাজার ৯২০ কোটি টাকা লোকসান হবে। এ আশংকায় এর আগে বিদ্যুত বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও তারাই আবার প্রস্তাবটি বাস্তবায়নে তৎপর হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এম আনোয়ারুল কবির তালুকদার সোমবার বিডিনিউজকে জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভাড়া নেয়া বিদ্যুৎ সংকট মোকাবেলায় চূড়ান্ত সমাধান না হলেও মধ্যবর্তী সময়ে জরুরী প্রয়োজন মেটাতে এ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
এর আগে তিনি জানান, সরকারী দৃষ্টিকোণ থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করার পরিকল্পনা করছেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক্ষেত্রে এককভাবে বিদ্যুৎ কিনবে।
তিনি আরো জানান, প্রস্তাবটি বাস্তবায়নে কত অর্থের ঘাটতি থাকবে এবং লাভ-ক্ষতির পরিমাণ কি হবে বিদ্যুৎ বিভাগের সে সংক্রান্ত হিসাবনিকাশ শেষে বর্তমান প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, উচ্চ হারে বিদ্যুৎ কেনা এবং ভর্তুকি দিয়ে বিক্রি করার ফলে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারকে বছরে ৫০০ কোটি টাকারও বেশি লোকসান গুণতে হবে।
সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্র ভাড়ায় নিতে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি পাঁচটি বেসরকারী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়। সেগুলো হচ্ছে, শাহজিবাজার--৮০ মেগাওয়াট, কুমারগাঁও--২০ মেগাওয়াট, বগুড়া--২০ মেগাওয়াট, কাটাখালী--২০ মেগাওয়াট, ঠাকুরগাঁও--২০ মেগাওয়াট।
সারা দেশে অব্যাহত বিদ্যুৎ ঘাটতির ফলে সরকার গত বছর বাধ্য হয়ে বিদ্যুৎ কেন্দ্র ভাড়ায় নেওয়ার জন্য আটটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়।
সরকার এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিলে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রচুর আর্থিক ঘাটতির মধ্যে পড়বে বলে ধারণা করছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, মাত্র ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে তেমন কোনও ভূমিকাই রাখবে না।
বেসরকারী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকারীদের দেওয়া দরপত্র অনুযায়ী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিডিবি প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ২ টাকা ৬২ পয়সা থেকে ৩ টাকা ১ পয়সা দরে কিনতে পারবে।
বিপিডিবি ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) কাছে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ১ টাকা ৪৯ পয়সা হারে বিক্রি করছে। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে ১ টাকা ৮৪ পয়সা, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) কাছে ১ টাকা ৯৪ পয়সা এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে ১ টাকা ৯৪ পয়সা হারে বিদ্যুৎ বিক্রয় করছে।
সরকারে চূড়ান্ত অনুমোদন লাভের পর বেসরকারী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কমপক্ষে ছয়মাস লাগবে।
মন্ত্রী আরও জানান, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ আগ্রহের সাথে কাজ করে যাচ্ছে।
এর আগে মন্ত্রী বিদ্যুৎ কেন্দ্র ভাড়া করার চেয়ে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অধিক যুক্তিযুক্ত বলে জানিয়েছিলেন।
এর আগে তিনি বিদ্যুৎ কেন্দ্র ভাড়া প্রকল্পের দরপত্রে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর শর্তের ওপর গুরুত্ব আরোপ করে দেশের অর্থনীতির দিক বিবেচনায় সেটি যুক্তিযুক্ত নয় বলেও জানিয়েছিলেন।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্টস (আইপিপি) প্রায় ছয়শ’ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বর্তমানে বিপিডিবি অর্থ সংকটের মধ্যে পড়েছে।
