৭ সেপ্টেম্বর থেকে সব এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের হুমকি
বাংলাদেশ বিমান সম্মিলিত সংগ্রাম পরিষদ আগামী ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে দেশী -- বিদেশী সকল এয়ারলাইন্সের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
আর্থিক ভর্তুকি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অবিলম্বে স্বচ্ছল করার উদ্যোগ না নেয়া হলে পরিষদের ব্যানারে সংস্থার সব কয়টি সংগঠন পর্যায়ক্রমে সর্বাত্মক ওই আন্দোলনে যাবে।
বিমানের কর্মকর্তা--কর্মচারিদের ১০টি সংগঠনের এক জরুরি বৈঠকে রোববার সন্ধ্যায় ওই সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।
পরিষদের নেতা ও বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ফ্লাইট ক্যাপ্টেন মাহবুবুর রহমান বিডিনিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, বাপা সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন এসএম হেলাল ওই সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। রোববার রাতেই সংগ্রাম পরিষদের আন্দোলনের ওই কর্মসূচি বিমান কর্তৃপক্ষকে ফ্যাক্স বার্তায় জানিয়ে দেওয়া হয়।
ক্যাপ্টেন মাহবুব আরো জানান, পরিষদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে - ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে বিমানের সৈয়দপুর, রাজশাহী, যশোর, কক্সবাজার ও বরিশাল ফ্লাইট পরিচালনা বন্ধ, ৬ সেপ্টেম্বর বুধবার থেকে চট্টগ্রাম ও সিলেট ফ্লাইট বন্ধ এবং ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে দেশী--বিদেশী এয়ারলাইন্সের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধের মাধ্যমে দেশের সব বিমানবন্দর অচল করে দেওয়া।
প্রসঙ্গত, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব কয়টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং বাংলাদেশ বিমান পরিচালনা করে। এর আগে বাপা গত ৩১ আগস্ট বৃহস্পতিবার অনুরূপ কর্মসূচি ঘোষণা করলেও বিমান কর্তৃপক্ষ এখনো আন্দোলনকারীদের সঙ্গে কোন সমঝোতার উদ্যোগ নেয়নি।
