জিয়া সার কারখানায় উৎপাদন শুরু হলেও সার তুলছেন না ডিলাররা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানা দুদিন বন্ধ থাকার পর শনিবার রাতে ফের উৎপাদন শুরু হলেও কারখানার আওতাভুক্ত ছয় জেলার ডিলাররা সার উত্তোলন করছেন না।
ফলে বাজারে প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ১৫/২০ টাকা বেড়ে গেছে। উপজেলা কোটা প্রথা বাতিলের দাবিতে সার ডিলাররা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।
জিয়া সার কারখানায় ৬০ কোটি টাকা ব্যয়ে বৃহৎ একটি ওভারহোলিং করার পর সাতদিন না যেতেই ৩১ আগস্ট বয়লার টিউব বিস্ফোরণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। দুদিন বন্ধ থাকায় দেড় কোটি টাকা মূল্যের ৩ হাজার ২০০ টন সার উৎপাদন ব্যাহত হয়েছে।
এদিকে সারের সমবন্টনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির আশুগঞ্জ কার্যালয়ে রোববার সকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সার সমিতির পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির পরিচালক আবু নাসের আহমেদ, হাজী মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান।
তারা বলেন, উপজেলা কোটা প্রথা চালু করায় ডিলাররা বৈষম্য ও প্রভাশালী মহলের হস্তক্ষেপের শিকার হচ্ছেন। একজন ডিলার পাচ্ছেন ৭০ টন, আরেক জন পাচ্ছেন মাত্র চার টন।
সারের সমবন্টন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানান। দিনাজপুরের ফুলবাড়ীর মতো আশুগঞ্জ জিয়া সার কারখানা গেইট থেকে তারা আন্দোলন শুরু করার হুমকি দেন।
ডিলাররা কারখানা থেকে সার উত্তোলন বন্ধ করে দেওয়ায় খুচরা সার ব্যবসায়ীরা সারের দাম বাড়িয়ে দিয়েছে। ডিলারদের কাছেও পর্যাপ্ত সার মজুদ না থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে কিশোরগঞ্জ জেলার কিছু কিছু এলাকার প্রতিবস্তা ইউরিয়া সারের মূল্য ২০/৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।
কিশোরগঞ্জ জেলার সার সমিতির সভাপতি তারিক আহমেদ বলেন, উপজেলা কোটা প্রথা চালু হওয়ায় মিঠামইন উপজেলার কোন ডিলার সার বরাদ্দ পায়নি অথচ পাকুন্দিয়া উপজেলার একজন ডিলার বরাদ্দ পেয়েছে ১০৫ টন।
জিয়া সার কারখানা বিক্রয় বিভাগ সূত্র জানায়, রোববার পর্যন্ত কারখানার আওতাভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার ৬৭৫ ডিলারের মধ্যে কেউই সার উত্তোলনের জন্য টাকা জমা দেননি।
