২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর অচলাবস্থার আংশিক সমাধান

চট্টগ্রাম বন্দরে আমদানী - রপ্তানী বাণিজ্যে অচলাবস্থার আংশিক সমাধান হয়েছে। সিঙ্গাপুর - ভিত্তিক জাহাজ মালিকদের সংগঠন চিটাগং ফিডার ট্রেড কমিটি (সিএফটিসি) শনিবার কোন ধরনের সতর্কতা নোটিশ ছাড়াই চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ত্রিপক্ষীয় বৈঠকে দেশীয় জাহাজ ব্যবসায়ীরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে ওইদিন থেকেই কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। তবে বিদেশী জাহাজ ব্যবসায়ীরা মঙ্গলবার নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রায় তিন ঘন্টাব্যাপী বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ এর সভাপতি এসএম ফজলুল হক, সাবেক সভাপতি আনিসুল হক, টিপু মুন্সি, বিটিএমএ এর সভাপতি এমএ আউয়াল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জাহাজ ব্যবসায়ী কিউসি শিপিংয়ের মালিক জামালউদ্দিন কাদের চৌধুরী, এইচআরসির মালিক আবু সাঈদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণ ও সারচার্জ আদায় নিয়ে রপ্তানীকারক ও জাহাজ মালিকদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। ত্রিপক্ষীয় এ বৈঠকে এ বিষয়ে উভয়পক্ষই সমঝোতায় এসেছে। উভয়পক্ষই অবিলম্বে কাজ শুরু করার বিষয়ে একমত হয়েছে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা হলে উভয়পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

বিজিএমইএ এর সভাপতি এসএম ফজলুল হক বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানীকারকরা কোনো সারচার্জ দেবে না। তাদের কাছে সারচার্জ দাবি কোন যুক্তিযুক্ত দাবিও নয়। এখন থেকে পরিবহন ভাড়া পরিশোধকারী পক্ষই সারচার্জ পরিশোধ করবে। এক্ষেত্রে এফওবি পদ্ধতির জন্য মেইন লাইন অপারেটররা (এমএলও) অথবা সিএনএফ ব্যবস্থার ক্ষেত্রে সরবরাহকারি পক্ষ সারচার্জ দেবে।

ফজলুল হকের মতে, গত তিনমাসে তৈরি পোশাক ব্যবসায়ীরা প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার সারচার্জ বাবদ দিয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার পরই বিজিএমইএ মামলা প্রত্যাহারের ব্যাপারে ব্যবস্থা নেবে।

কিউসি শিপিংয়ের মালিক জামালউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমরা ব্যবসায়ীদের থেকে সারচার্জ নেই না। আমরা এমএলও এজেন্টদের থেকে সারচার্জ নেই। কারণ রপ্তানীকারকদের থেকে সারচার্জ আদায় যুক্তিযুক্ত নয়। এ ব্যাপারে উভয় পক্ষই আলোচনার মাধ্যম একটি সমাধানে এসেছি’।

চট্টগ্রাম বন্দরে রপ্তানীকারকদের ওপর সারচার্জ আরোপ এবং ব্যবসায়ীদের দায়ের করা মামলার রায়ের কারণে গত তিনদিন ধরে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা বিরাজ করছে।