২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে সার সংকট, কৃষকরা দিশেহারা

সমবন্টন না হওয়া, বন্টনে দলীয়করণসহ অন্যান্য অভিযোগে ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দেওয়ায় পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে সার সংকট দেখা দিয়েছে। ফলে আমনের মৌসুমে সার না পেয়ে ফসল উৎপাদনে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 09:39 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে সার বন্টনে বৈষম্যের অভিযোগ এনে এর প্রতিবাদে পাবনা জেলার ১’শ ৫ জনসহ সমস্ত উত্তরাঞ্চলের প্রায় দেড় হাজার ডিলার সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এই সুযোগে এক শ্রেণীর কালোবাজারী আগে থেকে মজুদ করে রাখা সার দ্বিগুণ দামে বিক্রি করছে।

এদিকে সময়মত সার না পেয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের বড় মাটিয়াবাড়ী গ্রামের কৃষক আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, এমনিতেই খরার কারণে রোপা আমন চাষে দেরী হচ্ছে, পাট কেটে মাঠেই শুকাতে হয়েছে, এখন আবার সারে অভাবে ফসল উৎপাদনে বাড়তি সংকট সৃষ্টি করবে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রেজাউল করিম বিডিনিউজকে জানান, ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিলেও বাজারে সারের অভাব নেই। তাছাড়া দু’একদিনের মধ্যেই বিষয়টির সুরাহা হয়ে যাবে।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সহসভাপতি নজরুল ইসলাম বিডিনিউজকে বলেন, ‘পাবনাসহ উত্তরাঞ্চলে সারের সমবন্টন হচ্ছে না। দলীয়করণ করে পছন্দের ডিলারদেরকে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া সারের ইন ভয়েজে জেলা প্রশাসকের স্বাক্ষর না থাকায় ডিলাররা ভর্তূকির সারও পাচ্ছেন না। এ জন্য আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি’।