আখ থেকে জ্বালানি তেল উৎপাদন করে বছরে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব: সেমিনারে বক্তারা
আখ শুধু চিবিয়ে রস খাওয়া বা চিনি গুড় উৎপাদনে নয়, মূল্যবান জ্বালানি তেল উৎপাদনের কাঁচামাল হিসেবেও এখন বিশ্বে সমাদৃত।
ব্রাজিলসহ বিশ্বের অনেক দেশে আখ দিয়ে তৈরি ইথালন (ইথাইল অ্যালকোহল) পেট্রোলিয়ামের বিকল্প জ্বালানি হিসাবে যানবাহনে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও রয়েছে এর অপার সম্ভাবনা। অল্প টাকা ব্যয়ে ইথানল প্লান্ট তৈরি করে বছরে হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব।
বৃহস্পতিবার সকালে গাজীপুর আঞ্চলিক ইক্ষু গবেষণা কেন্দ্রে আখ থেকে ইথানল উৎপাদন বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহা পরিচালক মোহাম্মদ হোসেন মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করেন ইক্ষু গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান।
সেমিনারে ধান গবেষণা, কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কাউন্সিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সেমিনারে বলা হয়, বর্তমানে আমাদের দেশে হেক্টরে ৪৬ টন আখ উৎপাদন হয়- যা সহজেই ১২০ টনে উত্তীর্ণ সম্ভব। এক টন আখের জন্য কৃষক পায় মাত্র ১৩ শ’ টাকা। আর এক টন আখ থেকে উৎপাদিত ১০০ লিটার ইথালনের মূল্য কমবেশি ৫ হাজার টাকা। ফলে ইথানল তৈরির জন্য প্লান্টে আখ বিক্রি করলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে।
উপস্থাপিত প্রবন্ধে ড. শামসুর রহমান বলেন, পেট্রোলিয়ামজাত তেলের সঙ্গে ৩০ ভাগ পর্যন্ত হারে মিশিয়ে ইথানল ব্যবহার করা সম্ভব। আবার এফএফভিতে রূপান্তরিত গাড়িতে শতভাগ ইথাইল তেল ব্যবহার হয়।
তিনি আরো বলেন, ব্রাজিল, আমেরিকা, কলম্বিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডে ব্যাপকভাবে ইথানল জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে। দেশে জমির মূল্যসহ ইথানল প্লান্ট করতে ২৫ কোটি টাকা খরচ পড়বে।
গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রশীদ জানান, ইথানল পুরোপুরি পরিবেশ বান্ধব জ্বালানি। এতে ৩৫ ভাগ অক্সিজেন থাকে বিধায় এর দাহ্য ক্ষমতা বেশি ফলে ধোঁয়া সৃষ্টি হয় না।
তিনি আরো বলেন, প্রচলিত জ্বালানি (পেট্রোলিয়াম জাতীয় ফসিল ফুয়েল) প্রাকৃতিক হওয়ায় তা এক সময় ফুরিয়ে যেতে পারে কিন্তু ইথানলের উৎপাদন সব সময় সম্ভব।
