২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল - বিক্ষোভে ফুলবাড়ী এখন বিদ্রোহের উপশহরে পরিণত, আন্দোলনকারীরা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন

হরতাল - বিক্ষোভে ফুলবাড়ী এখন বিদ্রোহের উপশহরে পরিণত হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বুধবার অনির্দিষ্টকালের হরতালের চতুর্থ দিন পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এদিকে ফুলবাড়ীতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সাথে রাজশাহী মেয়র মিজানুর রহমান মিনু ও ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আজ বুধবার বিকেল ৫টায় পার্বতীপুর আমবাড়ি হাই স্কুলে এক বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্দোলনকারীরা নিজেদের মধ্যে আলোচনা শেষে বৈঠকে বসার এই সিদ্ধান্ত নেন। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টায় এবং আজ সকাল ১১টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলনকারীরা ফুলবাড়ীতে বৈঠক করার সিদ্ধান্তে অটল থাকায় শেষপর্যন্ত তা হয়নি।

বিকেল ৫টার বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ঊর্ধ্বতন আরও অনেক কর্মকর্তার যোগদানের কথা রয়েছে।

এদিকে হরতালের চতুর্থ দিন উপলক্ষে বুধবার সকাল ১১ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী নিমতলা মোড়ে সমবেত হয় উল্লেখযোগ্যসংখ্যক নারীসহ হাজারো জনতা। সমাবেশে অংশগ্রহণকারীরা এশিয়া এনার্জি কোম্পানির পক্ষে বক্তব্য দেওয়ার জন্য জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কুশ পুত্তলিকা দাহ করে তার বিচারের দাবি জানিয়েছেন। বিক্ষুব্ধ জনতা ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যক্রম বন্ধের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, স্থানীয় নেতা খুরশীদ আলম মতি, রওশন আহম্মেদ মোল্লা, সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।

আনু মুহাম্মদ বলেন, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে ২৬ আগস্ট ফুলবাড়ী মহাসমাবেশে গুলি চালানো হয়। এই হত্যাকাণ্ডের বিচার এবং বাংলাদেশ থেকে এশিয়া এনার্জি বিদায় না হওয়া পর্যন্ত ফুলবাড়ী আন্দোলন চলবে।

তিনি আরো বলেন, ফুলবাড়ীতে হাজারো জনগণের আন্দোলন - সংগ্রামে জনগণের শক্তিই প্রমাণিত হয়েছে। এর ফলে এশিয়া এনার্জি বন্ধ রয়েছে এবং এটা জনগণের প্রাথমিক বিজয়।

হরতালকারীরা দিনাজপুর - ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছেন আজও। তারা বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ১৪ দলের আহ্বানে হরতাল চলছে।

ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে গত শনিবার তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রা জাতীয় কমিটির উদ্যোগে সমবেত জনতার উপর গুলি চালানো হলে অন্ততঃ তিনজন নিহত ও বহুসংখ্যক ব্যক্তি আহত হয়।