২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের সমুদ্রসীমার দাবি ছাড়েনি মিয়ানমার ও ভারত

তেল ও গ্যাস অনুসন্ধানে ভারত ও মিয়ানমার বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা নিজেদের বলে দাবি করা অব্যাহত রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

চলতি বছরের মে মাসে ঢাকা আনুষ্ঠানিকভাবে তাদের দাবির প্রতিবাদ জানালেও প্রতিবেশি এই দুটি দেশ বাংলাদেশের সঙ্গে অচিহ্নিত সমুদ্রসীমায় তাদের অধিকারের অবস্থান থেকে সরে আসেনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে না বলে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিশ্র“তি দিলেও সমুদ্রসীমা নির্ধারিত না হওয়ায় তারা তাদের দাবি থেকে সরেনি ।

বাংলাদেশ ও ভারত কিংবা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এখনও সমুদ্রসীমা আলাদা করে চিহ্নিত না থাকায় পারস্পরিক আপত্তির বিষয়গুলোর নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

এ মাসের শুরুতে নতুন দিল্লীতে অনুষ্ঠিত বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমার ব্লক এ-১ (মজুদের পরিমাণ ৫ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট) এবং ব্লক এ-৩ স্পষ্টতই তাদের বলে দাবি করে একটি প্রতিবেদন পেশ করে। ওই ব্লক দুটি বাংলাদেশের সমুদ্রসীমার আওতাভুক্ত বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরে বাংলাদেশের বিরোধিতার কারণে তাদের দাবির একটি অংশ বাদ দেয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রচুর খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সমুদ্র আইন (এলওএস) বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুযায়ী বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকা উচিত।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আন্দামান দ্বীপপুঞ্জ এবং বাংলাদেশের দূরবর্তী সমুদ্রের বিশাল এলাকায় ভারত বেশকিছু ব্লক গড়ে তুলেছে এবং ওই ব্লকগুলোতে অনুসন্ধান চালানোর জন্য ৬ষ্ঠ দরপত্র আহ্বান করেছে।

অন্যদিকে মিয়ানমার বাংলাদেশের সমুদ্রসীমার পূর্বাঞ্চলীয় অংশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমার ওই এলাকায় আন্দামানের সাথে মিলিয়ে তেল - গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিয়েছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশের সাথে ওই দু দেশের সমুদ্র এলাকা একাকার হয়ে আছে। ভারত ও মিয়ানমারের সাথে চুক্তি সম্পাদনের মাধ্যমে সমুদ্রসীমা আলাদা করা না হলে বাংলাদেশ মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাবে।

সূত্র আরও জানায়, সীমা নির্ধারিত না থাকার সুবাদে মিয়ানমার, ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার জেলেরা বাংলাদেশের সীমায় প্রবেশ করছে এবং সম্পদ নিয়ে যাচ্ছে।

জাতীয় তেল - গ্যাস অনুসন্ধান বিষয়ক কোম্পানি পেট্রোবাংলা বঙ্গোপসাগরের ১ লাখ বর্গ কিলোমিটারেররও বেশি গভীর সমুদ্র এলাকায় তেল - গ্যাস অনুসন্ধানের জন্য ২০ টি নতুন ব্লক গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি এখনও সরকারের অনুমোদন পায়নি।

ভারত বাংলাদেশের ২১ ব্লকের পাশ দিয়ে আন্দামানের সাথে মিলিয়ে যে সমুদ্রসীমায় যে ব্লক ঘোষণা করেছে তা বাংলাদেশের সীমার মধ্যে পড়েছে। এছাড়া একইভাবে ১১ ব্লকের পাশ দিয়ে টানা মায়ানমারের সীমারেখাটি বাংলাদেশের সমুদ্রসীমার ভেতরে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে করে বাংলাদেশের দূরবর্তী সমুদ্রের বিশাল এলাকা বেদখল হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, ২০০১ সালে বাংলাদেশ এলওএস অনুমোদন করে। এর ৫৬ এবং ৫৭ অনুচ্ছেদে বাংলাদেশকে উপকূলীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে এবং সমুদ্রসীমার বিষয়টিও উল্লেখ করে দেওয়া হয়েছে। এদিকে ভারত ও মিয়ানমার ১৯৮২ সালেই এ কনভেনশন স্বাক্ষর করে।

এলওএস অনুযায়ী প্রত্যেক উপকূলীয় রাষ্ট্রের তার জন্য নির্ধারিত সমুদ্রসীমার মধ্যে সার্বভৌম অধিকার রয়েছে। সমুদ্রতীর থেকে ২০০ নটিক্যাল মাইলের মধ্যে প্রত্যেক রাষ্ট্রের অনুকূলে এ সার্বভৌম অধিকার কার্যকর হবে।

বাংলাদেশ সমুদ্র এলাকা সরাসরি তীর ধরে পরিমাপের জন্য দাবি জানিয়েছে। টেরিটরিয়াল ওয়াটার অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট ১৯৭৪ সালের ফেব্র“য়ারিতে ঘোষণা করা হয়। পরে একই বছরের এপ্রিলে বাংলাদেশ তার সমুদ্র এলাকা নির্ধারণ করে দেয়। কিন্তু প্রতিবেশীদের সাথে এ ব্যাপারে কোনও সমঝোতায় পৌঁছতে পারেনি।

পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিষয়টিকে ‘অত্যন্ত স্পর্শকাতর’ হিসেবে উল্লেখ করে বলেন, সমুদ্র বিষয়ক জরিপ সংক্রান্ত অনেক জটিল ব্যাপারে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও অধ্যয়নের ব্যবস্থা করেছে।