ফুলবাড়ীতে সমাঝোতা বৈঠক ডেকেছেন রাজশাহীর মেয়র ও খাদ্য উপমন্ত্রী, হরতাল - বিক্ষোভে ফুলবাড়ী আজও ছিল উত্তাল
ফুলবাড়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা বৈঠক ডেকেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এবং খাদ্য উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাত ১০টায় পার্বতীপুর আমবাড়ী স্কুলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য জুনায়েদ সাকি বিডিনিউজকে জানিয়েছেন, তারা এ বৈঠকে যোগ দেবেন কিনা তা রাত সাড়ে ৮টা পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে ফুলবাড়ী উপজেলায় অনির্দিষ্টকালের হরতালের তৃতীয়দিন পালিত হয় আজ। হরতাল - বিক্ষোভে ফুলবাড়ি এখনো আগের মতোই উত্তাল, অবরুদ্ধ ছিল।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি স্থানীয়ভাবে এই হরতাল পালন করছে।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বিডিনিউজকে জানান, হরতাল চলাকালে এখনো সমস্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হরতালকারীরা দিনাজপুর - ঢাকা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় তা সব ধরনের বাস -- ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
ওসি ফজলু জানান, ওই সড়কে শুধু বিভিন্ন জায়গায় রিকশা, রিকশা ভ্যান ও সাইকেল চলাচল করে। হরতালের সমর্থনে শত শত মানুষ দিনাজপুর - ফুলবাড়ির প্রায় ৪০ কিলোমিটার সড়কে খন্ড খণ্ড মিছিল বের করে।
জেলা প্রশাসক তাহসিনুর রহমান বিডিনিউজকে জানান, পুলিশকে বিক্ষোভকারীদের প্রতি সহনশীল আচরণ করতে বলা হয়েছে। এ কারণেই পুলিশ কোনোরকম ‘অ্যাকশনে’ যাচ্ছে না।
এদিকে আন্দোলনকারীরা মঙ্গলবার দিনাজপুরে এক সংবাদ সম্মেলনে তাদের দাবি পুনর্ব্যক্ত করে বলেছে, শুধু ফুলবাড়ী থেকেই নয়, সারাদেশ থেকেই এশিয়ার এনার্জির কার্যক্রম প্রত্যাহার করতে হবে।
কেন্দ্রীয় কমিটির সদস্য জুনায়েদ সাকি, নজরুল ইসলাম এবং মেহেদী হাসান সাংবাদিকদের জানান, কয়লা খনি সংক্রান্ত যে কোন আলোচনা ফুলবাড়ীতে বসেই করতে হবে।
এদিকে জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু সরেজমিনে পরিস্থিতি জানার জন্য মঙ্গলবার দিনাজপুরে আসছেন। জেলা প্রশাসকের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
কমিটির ফুলবাড়ীর সংগঠক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা হাশিম বিডিনিউজকে বলেন, ‘আমাদের দাবি, ফুলবাড়ি হত্যকাণ্ডের বিচার ও এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার করতে হবে।
ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে গত শনিবার ওই কমিটির উদ্যোগে হাজার হাজার জনতা সমবেত হলে পুলিশ - বিডিআর এর গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপে অন্ততঃ তিনজন নিহত ও বহুসংখ্যক ব্যক্তি আহত হয়। তবে আন্দোলনকারীরা পাঁচজন নিহত ও আরো পাঁচজন নিখোঁজ হওয়ার কথা বলছেন।
