সেবা প্রদানে স্থানীয় সরকার আরও কার্যকর ভূমিকা রাখতে পারে: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরকার আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিরডাপ আয়োজিত ১২ দিনব্যাপী ‘সেবা প্রদান ও দারিদ্র বিমোচনে স্থানীয় সরকারের ভূমিকা’ র্শীষক এক আঞ্চলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মান্নান ভুঁইয়া এ কথা বলেন।
মান্নান ভূঁইয়া বলেন, নতুন সহস্রাব্দের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার, এনজিও এবং উন্নয়ন অংশীদাররা এক সঙ্গে কাজ করে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা থাকার পরও শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী করার মাধ্যমে এই অগ্রগতিকে অব্যহত রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিরডাপের মহাপরিচালক দূর্গা প্রসাদ পারোয়াল, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সিরডাপের সদস্য দেশগুলো থেকে ১৬ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
