রাজস্ব বোর্ডের কাছে কর মামলার বিবরণ চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়
সরকারের একেবারে শেষ পর্যায়ে এসে ঝুলে থাকা কর সংক্রান্ত মামলার হালনাগাদ বিবরণ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালকের (প্রশাসন) স্বাক্ষরিত চিঠিতে গত ১৩ আগস্ট কর সংক্রান্ত অনিষ্পত্তিকৃত সব মামলার বিবরণ ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়।
এদিকে এ চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই আশঙ্কা করছেন আগামী সাধারণ নির্বাচনের আগে এসব তথ্য রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়ার পর এনবিআর তাদের ২৩ টি আঞ্চলিক কার্যালয়ে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে এ সংক্রান্ত সকল তথ্য চেয়ে পাঠিয়েছে। এক্ষেত্রে কার্যালয়গুলোকে গোপনীয়তা রক্ষার করতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, সরকারের ক্ষমতা শেষ হওয়ার মাত্র দুই মাস আগে কেন এ ধরনের তথ্য চাওয়া হয়েছে তা আমার জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কর্মকর্তা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে দাতাদের সহায়তায় বিভিন্ন সংস্কার কর্মসূচি চলছে। এক্ষেত্রে কর সংক্রান্ত মামলার বর্তমান অবস্থা জানার জন্য হালনাগাদ তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাওয়া হয়ে থাকতে পারে।
অন্যদিকে, আঞ্চলিক কর কার্যালয়গুলো প্রধানমন্ত্রী কার্যালয়কে সন্তুষ্ট রাখতে বিকৃত ও মিথ্যা তথ্য দিয়ে হালনাগাদ প্রতিবেদন তৈরি করছে বলে কোনো কোনো কর কর্মকর্তা জানান।
কর অঞ্চল ৩ এর আওতাভুক্ত একটি সার্কেল ২০০৬ সালের ১ জুলাই পর্যন্ত অনিষ্পত্তিকৃত কর মামলার সংখ্যা ১ হাজার ৯২৭ টি দেখিয়েছে। কিন্তু ২১ আগস্টের মধ্যেই তারা ১ হাজার ৫৪০ টি মামলার নিষ্পত্তি দেখায়। অনেক কর কর্মকর্তাই এত অল্প সময়ে এত বেশি মামলার নিষ্পত্তিতে বিস্ময় প্রকাশ করেছেন।
কর অঞ্চল ৬ এর অপর একটি সার্কেলে একই সময়ে ১ হাজার ৬৪২ টি অনিষ্পত্তিকৃত মামলা দেখানো হয়। এর মধ্যে ১ হাজার ১১৯ টি মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে।
