২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানীতে হস্তশিল্প মেলা শুরু, বাংলাদেশের ৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে

জার্মানীর ফ্রাঙ্কফুর্টে শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী হস্তশিল্প ও গিফ্ট আইটেম খাতের অন্যতম বৃহত্তম মেলা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শুক্রবার রপ্তানী উন্নয়ন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উদ্যোগে ও ব্যবস্থাপনায় বাংলাদেশের নয়টি খ্যাতনামা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করছে। ২০০৬-০৭ অর্থবছরে রপ্তানী উন্নয়ন ব্যুরোর এটিই প্রথম মেলা।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের হস্তশিল্প ও গিফ্ট আইটেমের সর্বশেষ উন্নতিসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী জুট প্রোডাক্টস, চামড়াজাত পণ্য, রেশম সামগ্রী, রিসাইকেল্ড গ্লাস সামগ্রী ইত্যাদি থাকবে।

রপ্তানী উন্নয়ন ব্যুরোর মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই নিয়মিতভাবে এ মেলায় অংশগ্রহণ করে আসছে। এ মেলায় বাংলাদেশী হস্তশিল্পের সর্বশেষ অগ্রগতি ও অবস্থান তুলে ধরা হবে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে রপ্তানী আদেশ সংগ্রহের সাথে সাথে হস্তশিল্প খাতের উন্নয়ন প্রবণতা উপলব্ধি করে পরবর্তী পণ্য উন্নয়ন ও কার্যক্রম গ্রহণ করা হবে।

মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশীয় হস্তশিল্প ও গিফ্ট আইটেম খাতের পণ্য উন্নয়ন ও রপ্তানী বিপণন উন্নয়নে ব্যাপক সফলতা আশা করা হচ্ছে।