২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ওপর কোটা আরোপের ফলে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

মার্কিন বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘ চার বছরের মন্দাবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। ফলে ২০০৫ - ০৬ অর্থবছরে ওভেন ও নিট পোশাকের উভয় খাতে কোটাযুক্ত সময়ে মার্কিন বাজারের সর্বোচ্চ অর্জিত রপ্তানি অর্থাৎ ২০০০ - ০১ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাকেও অতিক্রম করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তবে মার্কিন বাজারের আমদানি করা পোশাক পণ্যে বাংলাদেশের শেয়ার এখনও ২০০১ সালের শেয়ারকে ছাড়িয়ে যেতে পারেনি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, গত অর্থবছরে মার্কিন বাজারে দেশের তৈরি পোশাক ওভেন ও নিট রপ্তানিতে যৌথভাবে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়ায় ২৬৩ কোটি মার্কিন ডলার, যা ২০০১ অর্থবছরে ছিল ২২০ কোটি মার্কিন ডলার।

ইপিবির এক কর্মকর্তা জানান, কোটামুক্ত হওয়ার পর প্রথম সাত মাসে ওভেন ও নিট উভয় খাতে রপ্তানি পরিমাণ যতোটুকু বেড়েছে, চীনের ওপর কোটা আরোপের পর উভয় খাতে এই বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে।

তিনি বলেন, বস্ত্র খাতে কোটামুক্ত হওয়া নিয়ে বিভিন্ন আশংকা দেখা দিলেও দেশের মার্কিন বাজারের ওপর নির্ভর করে গড়ে উঠা পোশাক রপ্তানির উভয় খাতেই চীনের উপর কোটা আরোপের আগে ও পরে কখনও রপ্তানি হ্রাস পায়নি। 

ইপিবি সূত্র জানায়, মার্কিন বাজারে গত অর্থবছরে ওভেন ও নিট পোশাক রপ্তানিতে যথাক্রমে ২৪ ও ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়ায় ২০১ কোটি ২৮ লাখ মার্কিন ডলার ও ৬১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার।

উন্নয়ন সংস্থা অন্বেষণ এর মার্কিন বাজারের বস্ত্র রপ্তানি নিয়ে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ওভেন পোশাক খাতে মার্কিন বস্ত্র আমদানীতে বাজারে বাংলাদেশের অংশ ছিল ২০০১ সালে ৬ দশমিক ২৬ শতাংশ, ২০০৫ সালে যার পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৮৩ শতাংশ।

মার্কিন বাজারে দেশের পোশাক রপ্তানি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০০২ অর্থবছর থেকে ২০০৪ অর্থবছর পর্যন্ত ধারাবাহিকভাবে উভয় খাতে রপ্তানি হ্রাস পেলেও কোটামুক্ত হওয়ার পর আবারও উচ্চ হারে রপ্তানি বৃদ্ধি পেতে শুরু করে।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নতুন করে চীনের ওপর কোটা আরোপে কারণে আমাদের বস্ত্র রপ্তানি খাতে উচ্চ প্রবৃদ্ধি হলেও আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদি সক্ষমতা অর্জনের অন্যান্য দিকগুলোও ধীরে ধীরে ফুটে উঠছে।

তিনি বলেন, কোটামুক্ত সময়ে দেশের পোশাক শিল্প কারখানাগুলো এখন বড় পরিসরের কার্যাদেশ (বাল্ক ওর্ডার) পাচ্ছে, যা আগে তেমন লক্ষ্য করা যায়নি। কোটামুক্ত সময়ে যুক্তরাষ্ট্রসহ সামগ্রিক বিশ্ববাজারে আমদানির উৎসের পরিবর্তন ঘটছে, যা দেশের পোশাক রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক প্রভাব রাখছে।  

গত অর্থবছরে আমদানিতে তৈরি পোশাক খাতের মূলধনী যন্ত্রপাতির ব্যয় অধিক উল্লেখ করে তিনি বলেন, দেশের পোশাক কারাখানাগুলোতে এখন আধুনিক প্রযুক্তি সম্পন্ন অধিক উৎপাদনশীল মূলধনী যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। ফলে প্রথম প্রজন্মের পোশাক শিল্প নতুন মাত্রা পেতে যাচ্ছে। আগামী বছরগুলোতে এই কারখানাগুলো চালু হলে পোশাক শিল্পের ভিন্নমাত্রা প্রকাশ পাবে।

আরাফ গ্রুপের পরিচালক নাইমুল বাশার চৌধুরী বলেন, অদূর ভবিষ্যতে মার্কিন বাজারে আমাদের পোশাক শিল্পের রপ্তানি ২০০৮ সাল পর্যন্ত হ্রাস হওয়ার কোন সম্ভাবনা নেই। এ ছাড়াও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী ২০১২ সাল পর্যন্ত চীনের পণ্য অধিক হারে আমদানি বৃদ্ধির ওপরও যুক্তরাষ্ট্রের কোটা আরোপের একটা সম্ভাবনা রয়ে গেছে।

পোশাক শিল্প কারখানাগুলো উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি ক্রয় আদেশ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত উপায়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করলে যে কোন খারাপ সময়ের মোকাবিলা করা যেমন সম্ভব হবে, তেমনি বিশ্ববাজারে বড় ধরনের শেয়ার প্রাপ্তি সহজ হবে।