মালয়েশিয়াকে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পবিষয়ক উপমন্ত্রী দাটুক আহমেদ হোসনি হানাজলাহ বলেন, মালয়েশিয়ার সাথে বিদ্যমান বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়নের ব্যাপারে বাংলাদেশ তাদের আগ্রহের কথা জানিয়েছে। বুধবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানা যায়।
কুয়ালালামপুরে মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর তিনি বলেন, তারা বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ চায় এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের আরও উন্নয়ন আশা করে।
বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন প্রতিনিধিদের মধ্যে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত যে বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবারের বৈঠকটি তারই প্রাথমিক ধাপ।
