২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়িত না হলে আবারও এ খাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে: আলোচনা সভায় বক্তারা

পোশাক খাতে নতুন ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়িত না হলে যে কোন সময়ে আবারও এ খাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ও কর্ম পরিবেশ শীর্ষক আলোচনা সভায়  বুধবার সিরডাপ মিলনায়তনে দেশের বিভিন্ন দলের শ্রমিক নেতারা এ আশংকা প্রকাশ করেন।

শ্রমিক নেতারা বলেন, পোশাক মালিকরা যদি শ্রমিক অসন্তোষ গুরুত্বের সঙ্গে না উপলব্ধি করেন, তবে আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শ্রমিক বিষ্ফোরণও ঘটতে পারে।

তারা পোশাক মালিকদের উদ্দেশ্য করে বলেন, সময় ক্ষেপনের চেষ্টা না করে দ্রুত ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এ খাতের সমস্যার সমাধান করা উচিত। 

সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বর্তমান সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, শ্রমিক নেতা শাহজাহান খান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি টিপু মুন্সী, মজুরি বোর্ডের মালিক পক্ষের প্রতিনিধি আনিসুল হক, নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক ড. ওয়াজেদুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন শফিকুর রহমান মজুমদার, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, অর্থনীতিবিদ আবু আহমেদ, ড. এম এ রাজ্জাক, ড. সালমা হোসেন এবং কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডা. মকবুলা নার্গিস।

‘ন্যূনতম মজুরী কাঠামো নির্ধারণ : বিবেচ্য বিষয়াবলী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং ফাহমিদা খাতুন।

মতবিনিময় অনুষ্ঠানে ন্যূনতম মজুরীর দ্রুত বাস্তবায়ন, স্বপ্রণোদিত হয়ে শ্রমিকদের ওপর থেকে মামলা প্রত্যাহার, ত্রিপক্ষীয় চুক্তির এক মাসের মধ্যে কার্যকর করা এবং নিয়োগ পত্রসহ ৯ টি বিষয় দ্রুত বাস্তবায়ন এবং পোশাক শিল্পের স্বার্থে অবকাঠামোসহ মালিকদের জন্য অন্যান্য সুবিধা আদায়ের ওপর সকল পক্ষই গুরুত্ব আরোপ করেন।

আনিসুল হক উন্মুক্ত হিসাব পদ্ধতি উল্লেখ করে বিভিন্ন পণ্যের ও পোশাক কারখানার বিভিন্ন হিসাব তুলে ধরেন।

তিনি বলেন, শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করেই শ্রমিকদের মজুরি বাড়াতে হবে।

ফজলুল হক বলেন, এ খাতের শ্রমিকদের জন্য আন্তরিকতার অভাব নেই, তবে বেশ কিছু বিষয় বাস্তবায়নের জন্য আমাদের কিছুটা সময়ের প্রয়োজন।

তিনি বলেন, আমরা অতি দ্রুত নিয়োগপত্র ও পরিচয়পত্র সমস্যার সমাধান করছি।

অতিরিক্ত মুনাফা করার মানসিকতা বর্জন করার কথা উল্লেখ করে শাহ মো. আবু জাফর বলেন, একই দেশে পোশাক শ্রমিকদের বেতন বৈষম্য মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, মালিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়িত করলে মালিক -শ্রমিক যৌথভাবে এ খাতের জন্য অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের ওপর চাপ প্রয়োগ করবে।

শাহজাহান খান বলেন, পোশাক মালিকদের কাজের মাধ্যমে শ্রমিকদের প্রতি আন্তরিকতা প্রমাণ করতে হবে।

তিনি বলেন, সরকারের উচিত সামগ্রিকভাবে এ শিল্পের প্রতি গুরুত্ব দিয়ে এ খাতের জন্য কিছু বিশেষ ছাড় দেওয়া। যদিও তিনি প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করে সরকারের সিদ্ধান্তহীনতা পরিহার করার অনুরোধ জানান।

এদিকে ড. এম এ রাজ্জাক সিপিডির প্রবন্ধের বেশ কিছু ভুল দিক তুলে ধরে বলেন, পোশাক শিল্পের কর্মরত মহিলাদের ওপর নির্ভর করে মোট ভোগের উপাদানগুলো নির্ধারণ করা উচিত এবং তার ওপর ভিত্তি করে মজুরি কাঠামো নির্ধারণ করা উচিত।

অন্যদিকে আনিসুল হকের প্রদত্ত হিসাবগুলোর বিরোধিতা করে তিনি বলেন, টার্নওভারের ওপর ভিত্তি না করে বরং সিএম ব্যয় (কাটিং ও মেকিং) ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা উচিত।

সালমা হোসেন বলেন, ডলারের হিসেবে ১৯৯৪ সালের বেতন অনুযায়ী এখন বেতন হওয়া উচিত ১৬১২ টাকা।

মালিক ও শ্রমিকের মধ্যে ন্যূনতম মজুরি নিয়ে ব্যাপক মতপার্থক্য এখন বিরাজমান। তবে মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য মূল বেতন ১৮০০ টাকাসহ ২৬৫০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।