২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই- স্ট্যানচার্ট এসএমই অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মঙ্গলবার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এসএমই অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী মঙ্গলবার ঢাকা কার্যালয়ে এ উপলক্ষে সাংবাদিকদের বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সামগ্রিক অবদান রাখছে। তাদের জন্য এ পদক ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।

সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মেলা ঙএসএমই ফেয়ার’ এর আগে এফবিসিসিআই এ পদক প্রদানের ঘোষণা দিল। আগামী ১১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ চীন - মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে।

মোহাম্মদ আলী বলেন, এসএমই মেলা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে দেশ ও দেশের বাইরের ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তুলতে সহায়ক হবে।

এফবিসিসিআই স্ট্যান্ডার্ড চার্টার্ড এসএমই অ্যাওয়ার্ড নামের এ পদক ক্ষুদ্র ও কুটির শিল্প এবং মাঝারি উদ্যোক্তাদের দেওয়া হবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অবদান রাখার স্বীকৃতি হিসেবে মোট সাতটি পদক প্রদান করা হবে। প্রতি পদকের মূল্যমান হবে ৫০০ মার্কিন ডলার।

যেসব ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য এ পদক দেওয়া হবে সেগুলো হচ্ছে: উদ্ভাবনীমূলক, ব্যবস্থাপনা, মান ও উৎপাদন পদ্ধতির দিক থেকে শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা, শ্রেষ্ঠ মাঝারি উদ্যোগ, ব্যবস্থাপনা, মান ও উৎপাদন পদ্ধতির দিক থেকে শ্রেষ্ঠ উদ্যোগ এবং শ্রেষ্ঠ এসএমই ফ্যাসিলিটেটর।

মোহাম্মদ আলী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে ঋণের জন্য আবেদন করতে পারে সেজন্য তাদের প্রশিক্ষণের আওতায় আনতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজিউমার ব্যাংকিং প্রধান বীক্রম ইসসার বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দেশের ৮০ শতাংশ উৎপাদনের যোগান দিয়ে থাকে।

উচ্চ সুদের হারের ব্যাপারে তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাজার মূল্যায়নের ভিত্তিতেই সুদের হার নির্ধারণ করেছে। এক্ষেত্রে বিশ্বের কেউই দাতব্য সহযোগিতার ব্যাপারে আগ্রহী নয় বলে তিনি জানান।