২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরএসপি নিয়ে শ্রমিকদের কর্মশালায় আসলেন না দাতাগোষ্ঠীর দুই প্রধান প্রতিনিধি

দারিদ্র্য বিমোচন কৌশল নিয়ে শ্রমিকদের জন্য আয়োজিত দুইদিনব্যাপি কর্মশালায় দাতাগোষ্ঠীর দুই প্রধান প্রতিনিধি না আসাতে দলমত নির্বিশেষে সব শ্রমিক নেতারা ক্ষোভ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) নিয়ে শ্রমিক নেতাদের অংশগ্রহণে প্রথমবারের মত মঙ্গলবার সুন্দরবন হোটেলে আয়েজিত কর্মশালায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর আবাসিক প্রতিনিধিদের উপস্থিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি।

ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব ফ্রি টেড ইউনিয়ন (আইসিএফটিইউ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)এর সহায়তায় “বাংলাদেশে আর্ন্তজাতিক আর্থিক প্রতিষ্ঠানের দারিদ্র্য বিমোচন কর্মসূচী এবং টেড্র ইউনিয়ন অংশগ্রহণ” শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনের সকালের অধিবেশনে এডিবি কর্মকতা রোকেয়া খাতুনের প্রবন্ধ উপস্থাপন এবং আইএমএফ এর একজন স্থানীয় প্রতিনিধির বক্তব্য দেওয়ার কথা ছিল। অথচ তারা কিছু না জানিয়ে কর্মশালায় উপস্থিত হননি।

আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংক প্রথম থেকেই এ কর্মশালায় অংশ নেওয়ার বিরুদ্ধে ছিল। সম্প্রতি বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বর্তমান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. আবদুল মঈন খান বর্তমান প্রণীত পিআরএসপিতে দেশীয় মালিকানা ও সকল পক্ষের অংশীদারিত্ব নিশ্চিত করার পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। পাশাপাশি বর্তমানে পিআরএসপি তৈরি ও বাস্তবায়ন প্রসঙ্গে মঈন খান আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো ও দাতাগোষ্ঠীর কঠোর সমালোচনা করেন।

দেশের সব রাজনৈতিক দলের সমর্থিত  ইউনিয়ান নেতারা কর্মশালায়  বলেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিদের্শনা অনুযায়ী দেশীয় মালিকানায় পিআরএসপি তৈরির কথা থাকলেও প্রকৃতপক্ষে তারা দেশীয় মালিকানা ও সকল পক্ষের অংশ গ্রহণে পিআরএসপির প্রণয়ন চায় না। তারা বিশ্ব ব্যাংকসহ এসব আন্তজার্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো এবং প্রচলিত নীতির পরিবর্তনের দাবী জানান।

শ্রমিক নেতারা ক্ষোভের সঙ্গে বলেন, সরকার প্রণীত প্রথম পিআরএসপি এর কোন আলোচনায় আমাদের কখনও ডাকা হয়নি।

কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নজরুল ইসলাম খান, শ্রমিক লীগের রায় রমেশ চন্দ্র, মজিবুর রহমান ভূইয়া, জাফরুল হাসান, দেলওয়ার হোসেন খানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রমিক নেতারা বলেন, পিআরএসপি দলিলে কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি ভাল কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সংগঠনের স্বাধীনতারও স্বীকৃতি দেওয়া হয়নি।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে শ্রমিক নেতারা পিআরএসপি প্রনয়ণ ও বাস্তবায়নে কার্যকর অংশগ্রহণের জন্য নিজেদের প্রশিক্ষণ, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

কর্মশালা শেষে পিআরএসপি বিষয়ে শ্রমিক নেতাদের সুপারিশ নেওয়া হবে।  সারা দেশের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে জাতীয় পযায়ে পিআরএসপি বিষয়ে কর্মসূচি নির্ধারনের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।