২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অব্যাহত খরায় আমন চাষ বিপর্যস্ত

গাইবান্ধায় অব্যাহত খরার কারণে আমন চাষ বিপর্যয়ের সম্মুখিন হয়ে পড়েছে। সেই সাথে ডিজেল সংকট ও মূল্যবৃদ্ধিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অব্যাহত খরার কারণে পানির অভাবে আমন চারা রোপণ করা সম্ভব হচ্ছে না।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 10:36 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

কৃষি বিভাগ জানায়, আমন চারা লাগানোর সময় শেষ হয়ে গেলেও খরার কারণে জেলায় এ পর্যন্ত মাত্র ৮৪ হাজার ৫২৭ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে; যা চলতি বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার ৭৪৮ হেক্টর কম। চলতি বছরে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৬ হাজার ২৭৫ হেক্টর। গত বছর এর লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১৪ হাজার ৮শ’ হেক্টর। কিন্তু চাষ হয়েছিল এক লাখ ১৭ হাজার হেক্টর।

কৃষি বিভাগ আরো জানায়, গত বছর আগস্ট মাসে আমনের ভরা মৌসুমে ৪৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এবার সেখানে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৫৬ মিলিমিটার। গত মৌসুমে জুলাই মাসে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও এই বছর জুলাইয়ে ৩২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ধান রোপণ মৌসুমে এই অস্বাভাবিক হারে বৃষ্টিপাত কম হওয়ায় আমন চাষে বিপর্যয় নেমে এসেছে। অবস্থাপন্ন কৃষকরা এই পরিস্থিতি সামাল দিতে অনেকেই শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ সরবরাহ করে আমন চারা রোপণ করেছেন।

যেসব জমিতে এক মাস আগে আমন চারা রোপণ করা হয়েছিল সেগুলোর অধিকাংশ জমির ধান লালচে হয়ে উঠেছে এবং ধান গাছগুলো শুকিয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, পেট্রোল পাম্পগুলোতে ডিজেল সংকট দেখা দেয়ায় এবং বালাসী ঘাটের ভাসমান তেল ডিপোটি ডিজেল শূণ্য হয়ে পড়ায় খোলাবাজারে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে জমিতে সেচ দিতে গিয়ে চাষীরা অর্থাভাবে পড়েছেন।