রাবিতে ছাত্রলীগের ডাকে স্বতঃস্ফূর্ত ছাত্র ধর্মঘট পালিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগের ডাকে স্বতঃস্ফূর্ত ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট চলাকালীন সময়ে এক ছাত্রলীগ কর্মী মারাত্মকভাবে আহত হন। আহত ছাত্রলীগ কর্মী ডালিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল ক্যাডারদের হামলায় ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান রনি গুরুতরভাবে আহত হওয়ার প্রতিবাদে রাবি ছাত্রলীগ এ ধর্মঘট আহবান করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের কারণে আজ ক্যাম্পাস ছিল অচল। কোন বিভাগেই কোন ক্লাস - পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয় পরিবহনের কোন গাড়ি চলাচল করেনি। কেন্দ্রীয় লাইব্রেরি, প্রশাসন ভবন ও বিশ্ববিদ্যালয় মেইন গেট বন্ধ ছিল। ধর্মঘট চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কম্পিউটার সায়েন্স ও ফলিত গণিত বিভাগে পরীক্ষা নেয়ার চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভাগ দু’টির অফিস কক্ষের দরজা জানালার কাঁচ ভাংচুর করে। এ সময় ছাত্রলীগ কর্মী ডালিম মারাত্মক আহত হয়।
এদিকে ছাত্রদল ক্যাডারদের হামলায় গুরুতরভাবে আহত ছাত্রলীগ কর্মী আরিফুজ্জামান রনির শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ বিকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
