২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮১৫ কোটি টাকার ইউরিয়া সার কেনার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত

সারের অভ্যন্তরীণ বার্ষিক চাহিদা মেটাতে সরকার সোমবার প্রথমবারের মতো কাফকোর কাছ থেকে ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

আগামী মৌসুমে সারের যাতে ঘাটতি না হয় সেজন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে সার কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

কাফকো থেকে সার ক্রয় বাবদ ব্যয় ধরা হয়েছে ৬৩০ কোটি টাকা। এ ছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ১৮৫ কোটি টাকা ব্যয়ে এক লাখ মে. টন গ্রানুলার ইউরিয়া কেনার প্রস্তাব বৈঠকে অনুমোদন পায়।

এর আগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কাফকোর কাছ থেকে প্রতি ৩০ হাজার মে. টন সার কেনার জন্য সরকারের ক্রয় অনুমোদন লাগতো।

মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, সঠিক সময়ে উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে প্রতি ৩০ হাজার মে. টনের জন্য আলাদা সরকারি অনুমোদনের পরিবর্তে একসঙ্গে ক্রয়ের অনুমোদন চাওয়া হয়। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগাম অনুমোদন ছাড়া কাফকো ইউরিয়া উৎপাদন ও সরবরাহ করবে না।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

চলতি অর্থবছরে (২০০৬ - ০৭) দেশে ইউরিয়া সারের মোট চাহিদা ধরা হয়েছে ২৮ লাখ ৭৫ হাজার মে. টন। বিসিআইসির অভ্যন্তরীণ উৎপাদন লক্ষ্যমাত্রা ১৮ লাখ মে. টন। সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় কাফকো থেকে ৪ লাখ মে. টন গ্রানুলার ইউরিয়া সার এবং বিদেশ থেকে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৬ লাখ মে. টন সার আমদানির বিষয়টি শিল্প মন্ত্রণালয় অনুমোদন করেছে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সোমবারের বৈঠকে রেকর্ডসংখ্যক অর্থাৎ ২১ টি প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে ১৬ টি প্রস্তাব অনুমোদন লাভ করে। এর মধ্যে পাঁচটি প্রস্তাব নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়। এর মধ্যে উপজেলা/ গ্রোথ সেন্টার ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন এবং চট্টগ্রাম ওয়াসার আওতায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের প্রস্তাব রয়েছে।

অনুমোদিত প্রস্তাবের মধ্যে দুটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ১০ টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুটি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যোগাযোগ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাব রয়েছে।