ইপিজেডগুলোতে গত অর্থবছরে বিনিয়োগ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা
দেশে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে (ইপিজেড) চালু ২৪২টি শিল্প প্রতিষ্ঠানে ২০০৫-০৬ অর্থবছরে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ছিল ৭৯০ কোটি ২৩ লাখ টাকা (১১ কোটি ২৯ লাখ মার্কিন ডলার)।
গত অর্থবছরের এ বিনিয়োগ পরিমাণ তার আগের অর্থবছরের চেয়ে প্রায় ৫৬ লাখ ডলার কম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষ (বেপজা) এ তথ্য জানায়।
২০০৫ ও ২০০৪ অর্থবছরের বিনিয়োগের পরিমাণ ছিল যথাক্রমে ১১ কোটি ৮৫ লাখ এবং ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে বেপজার পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপিত পরিকৃতিতে বলা হয়, কৃষিজাত শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও আইনি জটিলতা এ দুই কারণে মংলা ইপিজেডে উৎপাদন ও বিনিয়োগ ব্যাহত হয়েছে। এছাড়াও গত অর্থবছরে পোশাক শিল্প কারখানাগুলোতে বিশৃঙ্খলা, শ্রমিক অসন্তোষ ইত্যাদি কারণে উৎপাদন বিঘিœত হওয়ার পাশাপাশি বিনিয়োগও বাধাগ্রস্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেপজার এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, বোমা হামলাসহ সামগ্রিক রাজনৈতিক বিশৃংখলা ইপিজেডের বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে স্বাভাবিক কারণেই এই বিনিয়োগ বাড়েনি।
এদিকে ২০০৫-০৬ অর্থবছরে বেপজা ৩৬টি নতুন শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে, যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমান ৫৪ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। এদের মধ্যে ৯টি আদমজী ইপিজেডে, ৭টি চট্টগ্রাম ও ঢাকা ইপিজেডে, ৩টি ঈশ্বরদী ইপিজেডে, ৫টি কর্ণফুলীতে, ৪টি কুমিল্লায় এবং ১টি মংলা ইপিজেডে স্থাপিত হবে।
২০০৬ অর্থবছরে ইপিজেডগুলো থেকে পণ্য রপ্তানির পরিমান ছিল ১২৪৫৩ কোটি ২৬ লাখ টাকা (১৮৩ কোটি ৬২ লাখ ডলার), যা আগের অর্থবছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।
ইপিজেডগুলোতে গত অর্থবছরের নতুন করে ২৩ হাজার ২৯ জন বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তবে আগের বছরের তুলনায় গত অর্থবছরের কর্মসংস্থান বেড়েছে। এর ফলে সব ইপিজেডগুলোতে মোট কর্মসংস্থানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৮ হাজার জন।
বেপজার কর্মকর্তারা জানান, ইপিজেডগুলোর সবকটি শিল্প কারখানা চালু হলে প্রায় চার লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বর্তমানে ইপিজেডগুলোতে নারী কর্মীর সংখ্যা মোট কর্মসংস্থানের ৬০ শতাংশ।
