বিশ্বব্যাংক ও আইএমএফ দেশের রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপ করছে ঃ ৩৫টি নাগরিক সংগঠনের অভিযোগ
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জাতীয় নীতিমালা প্রণয়নের পাশাপাশি দেশের রাজনৈতিক কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করছে বলে শনিবার ৩৫টি নাগরিক সংস্থার জোট (এইজেবি) অভিযোগ করেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ‘অ্যালায়েন্স ফর ইকনোমিক জাস্টিস, বাংলাদেশ (এইজেবি) জোটের সদস্য আহমেদ স্বপন বলেন, এই প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রকল্প অনুমোদন ও ঋণ বিতরণের নামে বিভিন্ন প্রকারের শর্তারোপ করে থাকে। এটা উন্নয়নের চেয়ে আরো বেশী নির্ভরশীলতা তৈরী করে, যা দেশের সার্বভৌমত্বের উপরও প্রতিক্রিয়া ফেলছে।
বিশ্বব্যাংক ও আইএমএফ চলতি বছরের ১৪-২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যখন তাদের ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এনজিও, মানবাধিকার সংস্থা, ট্রেড ইউনিয়ন ও নারী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত এইজেবি’র যাত্রা শুরু হলো।
জোটের কর্মকর্তারা দাবি করেন, এই জোট বিশ্বব্যাংক ও আইএমএফ’র পরামর্শ প্রতিহত করবে, যা দেশের মানুষের জীবন ও জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলে করে আসছে।
শিক্ষা, স্বাস্থ্য, পানি ও বিদ্যুতের মতো সেবাখাতগুলো বেসরকারী ব্যবস্থাপনায় ছেড়ে দিতে বিশ্বব্যাংকের পরামর্শ উল্লেখ করে ন্যাশনাল কাউন্সিল ফর ক্যাম্পেইন ফর গুড গভর্নেন্স-এর সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, এগুলো দেশের উন্নয়নকে বিলম্বিত করবে।
তিনি বলেন, এই খাতগুলোতে আমরা সরকারের কাছ থেকেই বড় ধরণের বিনিয়োগ দাবী করেছি।
জোটের অপর সদস্য জাকির হোসেন বলেন, জ্বালানির মূল্য সমন্বয় করা হবে কি হবে না সে বিষয়ে আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। এই আর্ন্তজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে না।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলোর কোন প্রকার হস্তক্ষেপ ছাড়াই সরকারের মাধ্যমে সকল জাতীয় নীতিমালা প্রনয়ণ করা উচিত।
এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘এইজেবি’ কর্মশালা, সংহতি সমাবেশ ও বিক্ষোভসহ বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে। তারা ইন্দোনেশিয়ার বাতাম ও সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণ ফোরামেও কর্মসূচি আয়োজন করবে বলে জানায়।
