টঙ্গীতে বেতন-ভাতার দাবিতে পোশাক শিল্প শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তুরাগেও উত্তেজনা
টঙ্গী বিসিক শিল্প নগরীতে অবস্থিত আহসান গার্মেন্টস ও টঙ্গীর দত্তপাড়া লেদুমোল্লা সড়কে অবস্থিত ফুলচাঁন গার্মেন্টস এবং রাজধানীর তুরাগের চণ্ডালভোগ গ্রামে অবস্থিত একটি রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
পরে শ্রমিকরা তাদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে টঙ্গী-কালিগঞ্জ সড়ক ও ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী নতুন বাজার, স্টেশন রোড, টঙ্গীবাজার প্রদক্ষিণ করে পুনরায় কারখানার সামনে গিয়ে শেষ হয়। উত্তেজিত শ্রমিকরা সকাল সড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে। মিছিল চলাকালে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় গাড়ি ভাংচুর বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আহসান ও ফুলচাঁন গার্মেন্টসের শ্রমিকরা জানান, মালিক কর্তৃপক্ষ মাসিক বেতন বৃদ্ধিসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে ২ আগস্ট আশ্বাস দেয়। কিন্তু পরে মালিক পক্ষ তাদের কথা রাখেননি। তাই শ্রমিকরা ১৩ আগস্ট থেকে কারখানা বন্ধ ঘোষণা করে। ফলে গত ছয়দিন উৎপদনমুখী এসব কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে আহসান গার্মেন্টস ও ফুলচাঁন গার্মেন্টসের শ্রমিক নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দুপুর ১টার দিকে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে মালিক পক্ষের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন। তারা মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। তিন ঘণ্টাব্যাপী এ রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় বিকাল ৪টায়। সমাঝোতা বৈঠক চলাকালে শ্রমিকরা গার্মেন্টসের পাশেই অবস্থান নেয়। দীর্ঘ আলোচনা শেষে উল্লিখিত দুই গ্রার্মেন্টসের মলিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উল্লিখিত দুই গার্মেন্টসের শ্রমিকরা আগামী শনিবার সকালে যথারীতি কাজে যোগদান করতে রাজি হয়। সমঝোতা বৈঠকে টঙ্গি থানার ওসি খান মো. সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্দোলনরত শ্রমিকরা গত রোববার স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেলকে তাদের অভিযোগের বিষয়ে স্মারকলিপি প্রদান করে।
